গত ২০২১ সালে কোভিড মহামারির সময় ব্যাপকভাবে জনপ্রিয়তা পাওয়া ‘আউটডোর ডাইনিং’ বা খোলা আকাশের নিচে বসে খাওয়ার সুবিধা আবারও নিউইয়র্ক সিটির রাস্তায় ফিরে আসছে।
গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ৩৭-৫ ভোটে এমন একটি বিলের প্যাকেজ অনুমোদন করেছে, যার ফলে রেস্তোরাঁগুলো রাস্তার ওপর নির্মিত ডাইনিংয়ের কাঠামো সারা বছর ধরে বহাল রাখতে পারবে। এই আইনের আওতায় রেস্তোরাঁগুলো শীতের মাসগুলোর জন্য তাদের বাইরের বসার জায়গাগুলোকে শীত-উপযোগী করে তোলারও অনুমতি পাবে।
নিউ ইয়র্ক সিটি কাউন্সিল কাউন্সিল মেম্বার লিংকন রেস্টলারের উত্থাপিত এই বিলটি পাস হওয়ায় শীতকালেও রেস্তোরাঁগুলোকে তাদের আউটডোর ডাইনিং কাঠামো ভেঙে ফেলতে হবে না, বরং তারা শীতের উপযোগী করে কাঠামো তৈরি করতে পারবে।
নতুন পাশ হওয়া বিল অনুযায়ী, রেস্তোরাঁর সামনের কার্ব বা পার্কিং লেনে পরিচালিত খোলা ক্যাফেগুলো এখন থেকে শীতের মাসগুলোতেও (৩০ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত) আচ্ছাদিত করে ব্যবসা পরিচালনা করার সুযোগ পাবে। তবে শর্ত হলো, সেখানকার টেবিল, চেয়ার এবং অন্যান্য সাজসজ্জা খুব সহজেই সরানো যায় এমন হতে হবে। যেসব ব্যবসায়ী সারা বছর এই সুবিধা নিতে আগ্রহী, তাদের সাধারণ মৌসুমী রোডওয়ে ক্যাফের বাইরে আলাদা লাইসেন্স সংগ্রহ করতে হবে এবং এর জন্য পৃথক ফি প্রদান করতে হবে।
মহামারির সময় এই আউটডোর ডাইনিং সুবিধাটি রেস্তোরাঁগুলোর টিকে থাকার প্রধান অবলম্বন হয়ে উঠেছিল এবং লকডাউন-পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারেও বড় ভূমিকা রেখেছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব, যানজট এবং ইঁদুরের উপদ্রবের মতো বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে সিটি কাউন্সিল এতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে।
এরপর থেকে কেবল ১ এপ্রিল থেকে ২৯ নভেম্বরের মধ্যেই আউটডোর ডাইনিংয়ের অনুমতি দেওয়া হতো। তবে প্রতি বছর এসব কাঠামো তৈরি এবং ভেঙে ফেলার অতিরিক্ত খরচ ও কাঠখড় পোড়ানো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছিলেন ব্যবসায়ীরা। বিশেষ করে ছোট রেস্তোরাঁ মালিকদের দাবি ছিল, এই নিয়মকানুন ও খরচের কারণে অনেকেই এই কার্যক্রমে অংশ নিতে পারছিলেন না।
বৃহস্পতিবার ১৩ আগস্ট নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে বিলটি চূড়ান্তভাবে পাস হলে এবং আইনে পরিণত হওয়ার ১২০ দিন পর বছরব্যাপী আউটডোর ডাইনিং ব্যবস্থাটি সিটিতে আনুষ্ঠানিকভাবে স্থায়ী রূপ পাবে। এর ফলে নিউ ইয়র্ক সিটির রেস্তোরাঁ ব্যবসার দীর্ঘদিনের একটি বড় বাধা দূর হবে বলে আশা করা হচ্ছে।














