৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলা

সাকিবের ফেরার আর কোনো পথ নেই -.বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সাকিবের ফেরার আর কোনো পথ নেই -.বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের ফেরার আর সম্ভাবনা নেই৷ গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাগত বুধবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন৷ শ্রীলঙ্কা থেকে ভার্চুয়ালি সাকিবও যুক্ত হয়েছিলেন সেই অনুষ্ঠানে৷ তারপর এক সাক্ষাৎকারে সরকার নিরাপত্তা নিশ্চিত করলে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে শ্রীলঙ্কায় আসা তারকা ক্রিকেটার৷

তবে আজ শুক্রবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক বিবৃতিতে বলেন, সরকার আগে সাকিবের বিষয়ে কিছুটা নমনীয় ও সহনশীল মনোভাব দেখিয়েছিল৷ তিনি বলেন, ‘‘আমরা বিষয়টি বেশ নমনীয়তা ও সহনশীলতার সঙ্গে বিবেচনা করছিলাম৷ কিন্তু এরপর আর সেভাবে ভাবার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না৷” বিবৃতিতে বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার আমিনুল আরো বলেন, ‘‘যিনি স্বৈরাচারের সঙ্গে একই কর্মসূচিতে যুক্ত হয়েছেন, তার ফেরার আর কোনো সুযোগ নেই৷”

একই দিনে, অর্থাৎ আজ শুক্রবারই বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘‘সরকারের কাছ থেকে যদি আমার নিরাপত্তার নিশ্চয়তা পাই, তাহলে ফিরে যেতে এবং আদালতের মুখোমুখি হতে, অর্থাৎ যা কিছু করা প্রয়োজন তার সবটুকুই করতে প্রস্তুত৷” শ্রীলঙ্কা থেকে ফোনে দেয়া সাক্ষাৎকারে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার দাবি করেন, ‘‘আমি কোনো অন্যায় করিনি৷” রয়টার্সকে সাকিব জানান, তিনি এবং আওয়ামী লীগের অন্য নেতারা ডিসেম্বরে স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন৷ সাকিব জানান, তিনি অবিলম্বে দেশে ফিরতে চান, তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করবেন৷ সাকিব আল হাসান বলেন, ‘‘নেত্রী (শেখ হাসিনা) যা বলেন, আমরা তা-ই মেনে চলি৷” তিনি আরো বলেন, ‘‘আমার মনে হয়, তারাই এ বিষয়ে ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমাদের যে নির্দেশনা দেওয়া হবে, আমরা তা পালন করবো৷”

শেয়ার কেলেঙ্কারি: সাকিবের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম।

তিনি বলেন, ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। তদন্তের শেষ ধাপের কাজ চলছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে। দুদক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম। চার্জশিট দাখিলের পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে দুদক।

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ

মাগুরায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মাগুরা জেলা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার বাড়িতে এ হামলা হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, হামলাকারীরা বাড়ির দিকে ইট ছুড়ে মারলে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তিনি বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, বাড়ির মূল ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে তদন্তে পেট্রোলবোমা হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। তবে পুলিশ এখনো ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় এক আন্দোলনকারীর মৃত্যুর ঘটনায় ঢাকার আদাবর থানায় করা একটি হত্যা মামলার আসামিদের তালিকায়ও তার নাম রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট করা ওই মামলায় ১৫৬ জনকে আসামি করা হয়। মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।