যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ডলারের স্মারক মুদ্রায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। গত বুধবার ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। মূলত যুক্তরাষ্ট্রের আড়াই শতক পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ মুদ্রার নকশা করা হয়েছে।
গত অক্টোবরে প্রকাশিত প্রাথমিক খসড়ায় ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাত এবং ‘ফাইট, ফাইট, ফাইট’ স্লোগান থাকলেও, চূড়ান্ত নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন এই মুদ্রার সামনের অংশে ট্রাম্পের ছবির পাশাপাশি ‘লিবার্টি’, ‘ইন গড উই ট্রাস্ট’ এবং ‘১৭৭৬-২০২৬’ লেখা থাকবে। অপরদিকে মুদ্রার পেছনের অংশে প্রেসিডেন্সিয়াল সিল থেকে নেওয়া একটি টাক মাথার ঈগলের (বল্ড ঈগল) ছবি ব্যবহার করা হবে।
নিজেকে মুদ্রায় দেখার এই উদ্যোগে ভীষণ আপ্লুত হয়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এমন সম্মান পেয়ে তিনি অভিভূত, কারণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে জীবন্ত কারও ছবি মুদ্রায় স্থান পাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। তবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এই পদক্ষেপ নিয়ে এরই মধ্যে আইনি বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে।
সমালোচকদের মতে, ১৮৬৬ সালের যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো কারেন্সিতে কোনো জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার করা বেআইনি। অবশ্য এই আইনটি কেবল ব্যুরো অব এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিংয়ের ছাপানো কাগজের নোটের ক্ষেত্রে প্রযোজ্য।
কিন্তু নতুন এই মুদ্রা তৈরি করবে ইউএস মিন্ট। এছাড়া ২০২০ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেস ট্রেজারি সেক্রেটারিকে ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ডলারের মুদ্রা তৈরির ক্ষমতা দিয়ে একটি আইন পাস করলেও, সেখানেও কোনো জীবিত ব্যক্তির ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। এসব আইনি বিতর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।















