বাংলা চলচ্চিত্রকে উত্তর আমেরিকার দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে রাজ হামিদ ও নওশাবা রুবনা রশীদের বায়োস্কপ ফিল্মস। প্রতিষ্ঠানটির ৫৪তম চলচ্চিত্র পরিবেশনা হিসেবে গত শুক্রবার ১৫ মে যুক্তরাষ্ট্রে মুক্তিরয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’।

গত ১৫ মে নিউইয়র্কের কিউ গার্ডেনস সিনেমায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। আর এই বিশেষ আয়োজনেই বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা জানানো হয় বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ফরিদুর রেজা সাগরকে।
অনুষ্ঠানে বায়োস্কপ ফিল্মসের অন্যতম কর্ণধার নওশাবা রুবনা রশীদ সম্মাননা তুলে দেন ফরিদুর রেজা সাগরের হাতে। এ সময় উপস্থিত ছিলেন ‘প্রেশার কুকার’-এর নির্মাতা রায়হান রাফি, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা চঞ্চল চৌধুরী, শহীদুল আলম সাচ্চু-সহ সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকে।

অনুষ্ঠানে সান ফ্রান্সিসকো থেকে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে বায়োস্কপ ফিল্মসের অপর অন্যতম কর্ণধার রাজ হামিদ বলেন, আমাদের প্রদর্শিত ৫৪টি চলচ্চিত্রের অধিকাংশের সঙ্গেই সাগর ভাই কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির অগ্রযাত্রায় তার অবদান অনস্বীকার্য। তাই তাঁকে এই বিশেষ সম্মাননা জানাতে পেরে আমরা আনন্দিত।

সম্মাননা গ্রহণ করে ফরিদুর রেজা সাগর বলেন, বাংলা সিনেমাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার কাজ করছেন রাজ হামিদ ও রুবনা রশীদ। কাজটি মোটেও সহজ নয়, বরং অনেক চ্যালেঞ্জের। সেই প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মাননা পাওয়া আমার জন্য আনন্দের ও গর্বের।
তিনি আরও বলেন, আমি চাই বায়োস্কপ ফিল্মস আরও বড় পরিসরে এগিয়ে যাক এবং বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তভাবে তুলে ধরুক।














