১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী পাকিস্তানকে সামরিক সাহায্য কেন? যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটরের প্রশ্ন, নিশানার আরও তিন দেশ

আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী পাকিস্তানকে সামরিক সাহায্য কেন? যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটরের প্রশ্ন, নিশানার আরও তিন দেশ

সদ্যনির্বাচিত সিনেটর আব্দুল আল-সইদ বলেন, ‘‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এমন দেশগুলিকে সামরিক সহায়তা দিতে আমেরিকার করদাতাদের অর্থ ব্যবহার করা উচিত নয়।

আন্তর্জাতিক আইন লঙ্ঘনে অভিযুক্ত চার দেশকে যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য দেওয়ার বিরোধিতা করলেন ডেমোক্র্যাটিক পার্টির সদ্যনির্বাচিত সেনেটর আব্দুল আল-সইদ। ঘটনাচক্রে, যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম নেতার নিশানার চারটি দেশের মধ্যে তিনটিই মুসলিম রাষ্ট্র— পাকিস্তান, জর্ডন এবং মিশর। তা ছাড়া তালিকায় রয়েছে, আমেরিকার পুরনো সামরিক সহযোগী ইহুদি রাষ্ট্র ইজ়রায়েলও। তাৎপর্যপূর্ণ ভাবে আব্দুল নিজে মিশরীয় বংশোদ্ভূত!

মিশিগান প্রদেশ থেকে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের সেনেটে নির্বাচিত আব্দুল সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক আইন লঙ্ঘনে অভিযুক্ত চার দেশকে সামরিক সাহায্য পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের কাছে। এবিসি নিউজ়কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এমন দেশগুলিকে সামরিক সহায়তা দিতে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা উচিত নয়। এ ক্ষেত্রে মার্কিন সরকারকে নিজেদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে।’’

৪২ বছর বয়সী চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আব্দুলের মতে, মার্কিন নীতি ইজ়রায়েল, পাকিস্তান মিশর, ও জর্ডনের ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য হওয়া উচিত। আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে ওয়াশিংটনকে অন্য দেশগুলির সামনে দৃষ্টান্ত তৈরি করতে হবে। সম্প্রতি ইজ়রায়েলকে ৪০০ কোটি টাকার সামরিক সহায়তা স্থগিত রাখার যে সিদ্ধান্ত ট্রাম্প সরকার নিয়েছে তাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘‘মার্কিন করদাতাদের অর্থ অন্য দেশের সামরিক বাহিনীর জন্য ব্যয় না করে আমেরিকার নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নে খরচ করা উচিত।’’ পাকিস্তান, মিশর, জর্ডন এবং ইজ়রায়েলের বিরুদ্ধে মার্কিন সাহায্যের অপব্যবহার এবং আন্তর্জাতিক মানবাধিকার বিধি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন তিনি।