১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ অক্টোবর জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ঊনবাঙালের সপ্তসুর

বাংলা গানের সাত অমর সুরস্রষ্টার গান নিয়ে ঊনবাঙাল নিবেদন করছে সপ্তসুর অনুষ্ঠান। সাতটি দলীয়, তিনটি দ্বৈত এবং দশটি একক গান দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। যে সাত সুরস্রষ্টার গান নিয়ে এই আয়োজন তারা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন ফকির, হাসন রাজা, দ্বিজেন্দ্রলাল রায়, রাধারমণ দত্ত এবং শাহ আব্দুল করিম।

আগামী ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ছয়টায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হবে সপ্তসুর। ঊনবাঙালের প্রতিষ্ঠাতা কবি কাজী জহিরুল ইসলাম জানান “পঞ্চকবির গান” এই শিরোনামে একটি অনুষ্ঠান হয়। মূলত পশ্চিমবঙ্গের বাঙালিরাই এটি করেন। বাংলাদেশের কিছু সংগঠনও পঞ্চকবির গান করেন। রবীন্দ্রনাথ, নজরুল, ডিএল রায়, রজনীকান্ত, অতুলপ্রসাদ এই পাঁচজনের গান নিয়ে পঞ্চকবির গান।

পাঁচজনই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালি সুরস্রষ্টা। কিন্তু বাংলাদেশের কোনো সংগঠন যখন আয়োজনটা করে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে লালন কোথায়, হাসন রাজা কোথায়? পশ্চিম বঙ্গের জন্য হাসন রাজা হয়ত গুরুত্বপূর্ণ নয় কিন্তু লালন কেন নেই? এই চিন্তা থেকেই পঞ্চকবির প্রথম তিনজনের সঙ্গে হাসন, লালন, রাধারমণ এবং শাহ আব্দুল করিমকে যুক্ত করে আমরা সপ্তসুর নির্মাণ করেছি। আশা করছি আমরা একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পারবো। ঊনবাঙালের নৃত্যশিল্পী রিমঝিম নজরুল এবং রবীন্দ্রনাথের গানের সঙ্গে দুটি নৃত্য পরিবেশন করবেন। আরো থাকছে আবৃত্তি এবং নিবেদিত কবিতা পাঠ।