২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের গণতন্ত্রকে তারা নিজেরাই ধ্বংস করছে, দাবি মমতার Screenshot

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন এবং বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আগেই আশঙ্কা করা হয়েছিল যে সেখানে হিংসা ছড়াতে পারে, কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশের তুলনায় ভারতে নির্বাচন কমিশনের কারণে ভোট প্রক্রিয়া জটিল হয়ে যাচ্ছে এবং গণতন্ত্রের ক্ষতি হচ্ছে। এ অবস্থার দ্রুত পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন, ভারতের নির্বাচন কমিশন একটি ‘থ্রেট কালচার’ তৈরি করছে এবং গণতন্ত্রকে গুঁড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, এমন পরিস্থিতি রাজতন্ত্রেও হয়নি, এবং কমিশন এখন ‘সুপার তুঘলকি’ বা ‘সুপার হিটলার’ হয়ে গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব; তিনি দাবি করেছেন যে কমিশন সঠিক পদ্ধতি অনুসরণ করছে না এবং বিজেপির অনুকূলে কাজ করছে। ভোটাধিকারের সুরক্ষায় তিনি সুপ্রিম কোর্টেও যাত্রা করেছেন। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে তিনি একাধিকবার নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, দেশে ‘সর্বনাশী খেলা’ চলছে।