৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলা

ফুটবলে তোমার উপরে আর কেউ নেই’, মেসির অবসরের পর আবেগপ্রবণ আর্জেন্টিনার ফুটবলারেরা, কে কী বার্তা দিলেন

ফুটবলে তোমার উপরে আর কেউ নেই’, মেসির অবসরের পর আবেগপ্রবণ আর্জেন্টিনার ফুটবলারেরা, কে কী বার্তা দিলেন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিয়োনেল মেসি। সোমবার তিন পাতার লম্বা একটি বার্তার সাহায্যে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। মেসি এ কথা জানানোর পরেই ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থেরা।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিয়োনেল মেসি। সোমবার তিন পাতার লম্বা একটি বার্তার সাহায্যে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। মেসি এ কথা জানানোর পরেই ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থেরা। জানিয়েছেন, তাঁর মতো আর কেউ হবেন না।

মেসির অবসরের পর প্রথম শুভেচ্ছাবার্তা দেয় আর্জেন্টিনা ফুটবল সংস্থা। তারা লেখে, “আমাদের জীবনের অন্যতম সুন্দর একটা যাত্রার জন্য তোমায় ধন্যবাদ। তোমার উত্তরাধিকার এবং পেশাদারিত্ব সারাজীবন আমাদের হৃদয়ে থেকে যাবে। ধন্যবাদ অধিনায়ক। আমরা তোমায় ভালবাসি।”

দলে মেসির সবচেয়ে কাছের বন্ধু রদ্রিগো দি পল। তিনি মেসির সঙ্গে ইন্টার মায়ামিতেও একসঙ্গে খেলেছিলেন। দু’জনে একসঙ্গেই গত ডিসেম্বরে এসেছিলেন কলকাতায়। সেই দি পল লিখেছেন, “দেশের প্রতি তোমার নিঃশর্ত ভালবাসা, কখনও হাল না ছাড়ার জন্য তোমার মনের সেই লড়াই, অবিচারের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য তোমার সেই শক্তি, তোমার নেতৃত্ব এবং অনুশীলনে প্রথম আসা প্রতিটি ফুটবলারের প্রতি তোমার যে মানবিকতা, তাদের স্বস্তিতে খেলতে দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া এবং আমাদের জাতীয় দলের প্রতিটা সদস্যের জন্য তোমার যে ভালবাসা এবং যত্ন আমরা দেখেছি, তার জন্য একটাই শব্দ, ধন্যবাদ। সর্বকালের সেরা তুমি। আমাদের এতটা খুশি করার জন্য অনেক ধন্যবাদ। তুমি নিজেও জানো না আমাদের মুখে কতটা হাসি তুমি এনে দিয়েছো। তুমি সর্বসেরা।”

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে মেসির পাশে খেলেছিলেন লিসান্দ্রো মার্তিনেজ়। তিনি লিখেছেন, “সত্যি বলতে, খুব খারাপ লাগছে। কখনও এ রকম মুহূর্তের জন্য আমাদের তৈরি থাকতে বলোনি। হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি, ধন্যবাদ!! তুমি আমার কাছে এবং গোটা বিশ্বের কাছে একটা উদাহরণ। ফুটবলের বিজয়ী এবং জীবনের বিজয়ী!! ওর বাবা যে অসাধারণ মন থাকা একটা দলের সদস্য ছিল, এটা ভেবে আমার মেয়ে খুব গর্বিত হবে। তুমি বিশ্বের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। কারণ ফুটবলের তুলনা টানতে গেলে, তোমার মতো কেউ নেই। তোমাকে খুব ভালবাসি।”

বিশ্বকাপ ফাইনালে মারামারি করে ১০ ম্যাচ নির্বাসিত হয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। মেসির অবসরে তিনিও চুপ থাকেননি। লিখেছেন, “সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ!!! তুমি ছিলে এবং বরাবরের জন্য সর্বকালের সেরাই থাকবে। অধিনায়ক, আমরা তোমায় ভালবাসি।”

মেসিকে বহু গোলের বল বাড়িয়েছেন আঙ্খেল দি মারিয়া। একসঙ্গে দীর্ঘদিন খেলেছেন। তিনি লিখেছেন, “একজন আর্জেন্টিনীয় হওয়ার জন্য তোমার কাছে আমরা সকলে সারাজীবন কৃতজ্ঞ থাকব। আর্জেন্টিনাকে বিশ্বে সবার উপরে নিয়ে গিয়েছো তুমি। অন্য দেশকে অনায়াসে বেছে নেওয়ার ক্ষমতা থাকলেও তুমি আর্জেন্টিনাকে বেছে নিয়েছো। ধন্যবাদ, অধিনায়ক। সব কিছুর জন্য ধন্যবাদ। ইতিহাসের সেরা ফুটবলার তুমি।”