১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে “ভিজিটর” ভিসার অপব্যবহার ঠেকাতে বিভিন্ন দেশে অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে “ভিজিটর” ভিসার অপব্যবহার ঠেকাতে বিভিন্ন দেশে অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভিজিটর ভিসার অপব্যবহার ঠেকাতে বিভিন্ন দেশে অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ট্রাম্প প্রশাসনের ২য় মেয়াদের সময় থেকে কঠোর হওয়া এই অবস্থানের অংশ হিসেবে সম্প্রতি পশ্চিম আফ্রিকা, ইউরোপ ও উত্তর আফ্রিকায় একাধিক “বার্থ ট্যুরিজম” চক্র শনাক্ত ও বন্ধ করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে শিশুকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে কেউ ভিজিটর ভিসা ব্যবহার করতে পারবেন না। এ ধরনের কর্মকাণ্ডকে তারা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থার অপব্যবহার হিসেবে দেখছে।

স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত তথ্য অনুযায়ী, পশ্চিম আফ্রিকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি দূতাবাস ১০০ জনের বেশি বিদেশি নাগরিকক জড়িত এমনি একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক শনাক্ত করেছে। অভিযোগ রয়েছে, ভুয়া নথিপত্র ও তথাকথিত “ভিসা ফিক্সারদের” সহায়তায় এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়ার চেষ্টা করছিলেন, যাতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে তাদের শিশুর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিশ্চিত করা যায়। তদন্তের পর সংশ্লিষ্টদের ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। একই সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অনুরূপ আরও নেটওয়ার্ক শনাক্তের কাজ চলছে।

ইউরোপেও ২০২৪ সাল থেকে ৪০০টির বেশি সন্দেহজনক “বার্থ ট্যুরিজম” ঘটনার তথ্য পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তদন্তে অন্তত ছয়টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠান আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকারে কী বলতে হবে তা শেখানো, যুক্তরাষ্ট্রে থাকার ব্যবস্থা করা এবং সন্তান জন্মদানের পরিকল্পনা সাজিয়ে দেওয়ার মতো কার্যক্রম পরিচালনা করছিল।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজনকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধও করা হয়েছে। এদিকে উত্তর আফ্রিকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আরেকটি দূতাবাস “বার্থ ট্যুরিস্ট” হিসেবে সন্দেহভাজন ১০০টির বেশি ব্যক্তির যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, তথ্য বিশ্লেষণ প্রযুক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব নেটওয়ার্ক শনাক্ত করা সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুযোগ।” সংস্থাটি আরও জানায়, ভিসা জালিয়াতি ও জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে পরিচালিত অবৈধ কার্যক্রম বন্ধে বিশ্বজুড়ে অভিযান অব্যাহত থাকবে।