ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসন-পরবর্তী প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়া আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের প্রচেষ্টা জোরদার করছে। সর্বশেষ প্রাপ্ত পরিসংখ্যানে দেখা গেছে যে, এ বছর যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সিরাকিউজ ইউনিভার্সিটির ‘ট্রানজ্যাকশনাল রেকর্ডস অ্যাক্সেস ক্লিয়ারিংহাউস’ (TRAC)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম সাত মাসে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট বা জেলা আদালতগুলোতে অন্তত ১০৫টি দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে কেবল জুলাই মাসেই দায়ের করা হয়েছে ৫০টি মামলা।
টিআরএসি (TRAC)-এর আগের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ৭ বছরে সমগ্র যুক্তরাষ্ট্রে এ ধরনের মামলার সংখ্যা ছিল প্রায় ১২৫টি। এই পরিসংখ্যান সরকারের পক্ষ থেকে নাগরিকত্ব বাতিলের আইনি প্রক্রিয়ার (denaturalization proceedings) ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির বিষয়টি তুলে ধরে।
এটি এমন এক দেওয়ানি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে ফেডারেল কর্তৃপক্ষ আগে প্রদান করা নাগরিকত্ব বাতিল করার উদ্যোগ নেয়। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের অভিবাসন-বিরোধী কঠোর পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা বিচার বিভাগ নাগরিকত্ব বাতিলের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে।













