আগামী ১০ অক্টোবর, শনিবার নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল চার্চ সেন্টারে ২৫তম “ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠিত হবে। “ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’ উপলক্ষে উডসাইডের ৫৮ মেনর পার্টি হলে বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শোটাইম মিউজিক অ্যান্ড প্লে-এর আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিক অ্যান্ড প্লে-এর প্রেসিডেন্ট এবং সিইও খাইরুল ইসলাম খোকন এবারের “ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন।
এছাড়া আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লায়ন রকি আলিয়ান, বাংলাদেশী আমেরিকান লায়নস ক্লাব এর প্রেসিডেন্ট জেএফএম রাসেল, লায়ন আহসান হাবিব, ইঞ্জিনিয়ার খালেক এবং সংগীত শিল্পী কামরুজ্জামান বকুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিউইয়র্কে জনপ্রিয় উপস্থাপিকা শারমিন সোনিয়া সিরাজ।

এবারের আয়োজনে বিনোদন অঙ্গনের শিল্পী, অতিথি, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলা সংস্কৃতি ও বিনোদনকে আরও বিস্তৃতভাবে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে বিভিন্ন সংগীত ও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করে আসছে শোটাইম মিউজিক অ্যান্ড প্লে। ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬ ঘিরেও বড় পরিসরে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন। “ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’ বিষয়ে আরো বিস্তারিত জানতে খাইরুল ইসলাম খোকন (ফোন ৬৪৬-৪২১-৯৪৯৬) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।













