ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলে মনে করছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি শেখ হাসিনার ভারতে বসে ভার্চুয়ালি লন্ডনে কথা বলার বিষয়টিকে ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ (মূল্যহীন কাজ) বলে মন্তব্য করেছেন।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
লন্ডনে একটি প্রেস কনফারেন্সে অনলাইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এর যুক্ত হওয়ার বিষয়ে যুক্তরাজ্যকে বাংলাদেশ সরকার কোনো বার্তা দেবে কিনা, প্রতিমন্ত্রীর কাছে জানতে চান এক সাংবাদিক।
জবাবে প্রতিমন্ত্রী কবির বলেন, এটা তো আর ইউকে সরকার করছে না। না, এটা তো আর… তারপরও তো আর… অসুবিধা নাই। যেখানে জানানোর দরকার আমরা জানাবো। কিন্তু একটা পালিয়ে যাওয়া স্বৈরাচার কোথায় বসে, মানে আপনার ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি কথা বলবে, মানে এগুলো ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তার (শেখ হাসিনার) এখন কিছুই নাই। এখন তো তিনি কিংকর্তব্যবিমূঢ়, সব ধ্বংস হয়ে গেছে। নিজেকেও শেষ করে দিয়েছে, দলকেও শেষ করে দিয়েছে, পরিবারকেও শেষ করে দিয়েছে। বাংলাদেশে আর আসার কোনো চান্সই নাই। যাদের তাড়িয়ে দেয়, এদের কিন্তু ফেরার চান্স খুব কম থাকে। মানে জিরো।
প্রতিমন্ত্রী কবির আরও বলেন, মানে পালিয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। শেষ, রাজনীতি শেষ। বিতাড়িত হইলে মানুষ ধরে রাখছে যে এদের আর কিছু নাই। এখানেই তাদের ইতি।













