নিউইয়র্কে হজযাত্রীদের সঠিক নিয়ম ও প্রস্তুতির বিষয়ে ধারণা দিতে এক বিশেষ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল পাঁচটায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে ‘জমজম ট্রাভেল ইউএস’ ও ‘রওয়াফ মিনা’। সেমিনারে হজের ধর্মীয় বিধান, ইহরাম বাঁধার নিয়ম এবং মক্কা-মদিনায় অবস্থানের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করা হয়।
আয়োজকেরা জানান, হজযাত্রীরা যাতে কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই নির্বিঘ্নে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে হজের সফরকালীন স্বাস্থ্যবিধি এবং সৌদি আরবের বর্তমান নিয়মকানুন সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
সেমিনারে জমজম ট্রাভেলের চেয়ারম্যান মাহবুব আলম, ব্যবস্থাপনা পরিচালক তোহিদ মাহবুব মুন্না, মুফতি ইসমাঈল, মুফতি আব্দুস সামাদ, মুফতি মুনসুরুল হক, গাইড আলী আকবর বাপ্পি, আতাউর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সেমিনারে কুরআন-হাদীসের আলোকে পবিত্র হজ্বের ফজিলত, বিধিবিধান ও হজ্ব পালনের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে বলা হয়, হজ্ব একাধারে দৈহিক, আর্থিক ও আত্মিক ইবাদত। সম্পদশালী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তির জন্য জীবনে একবার হজ্ব আদায় করা ফরজ। কবুল হজের একমাত্র পুরস্কার সুনিশ্চিত জান্নাত।
সেমিনারে বলা হয়, নামাজ আদায় করা, রোজা রাখা, তাওয়াফ করা যেমন ইবাদত, তেমনি মহব্বতের সঙ্গে আল্লাহর ঘরের দিকে শুধু তাকিয়ে থাকাও ইবাদত। হাজরে আসওয়াদকে চুম্বনের মধ্য দিয়ে হজ্ব শুরু এবং শেষ হয় বাইতুল্লাহর তাওয়াফের মধ্য দিয়ে। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দু’রাকাত নামাজ আদায় করা হজ্বের এক বিধান। জমজমের সুধা পান করে সিক্ত হন হাজিরা। মা হাজেরার পুণ্যস্মৃতি ছাফা ও মারওয়া পাহাড়দ্বয়, মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফার অবস্থান, আবার আরাফা থেকে মুজদালিফা হয়ে মিনায় কঙ্কর নিক্ষেপ ও কোরবানি করে মক্কা ফিরে আসা হজ্বের কাজ। সব শেষে নবীজীর রওজা শরিফ জেয়ারত।














