৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

মুক্তিযুদ্ধের পক্ষে ফিলাডেলফিয়ায় অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ

মুক্তিযুদ্ধের পক্ষে ফিলাডেলফিয়ায় অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ

‘ব্লকেড ’৭১’ প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও স্মরণানুষ্ঠান; মুক্তিযুদ্ধের পক্ষে আমেরিকান নাগরিকদের সাহসী ভূমিকা তুলে ধরলেন সংশ্লিষ্টরা। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অস্ত্রবাহী জাহাজ অবরোধ করে সাহসী প্রতিবাদ গড়ে তুলেছিলেন স্থানীয় কোয়েকার সম্প্রদায়ের কর্মী, শ্রমিক ইউনিয়নের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পাকিস্তানি বাহিনীর দমন-পীড়ন ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাঁরা মুক্তিযুদ্ধের পক্ষে সংহতি প্রকাশ করেছিলেন।

সেই ঐতিহাসিক প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের অবদান স্মরণে গত শুক্রবার (৬ নভেম্বর) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও স্মরণানুষ্ঠান। ‘ব্লকেড ’৭১’ শীর্ষক এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ফিলাডেলফিয়ার মানুষের ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে ১৯৭১ সালের সেই প্রতিবাদে অংশগ্রহণকারীদের সাহস, আত্মত্যাগ ও মানবিক অবস্থানের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন আলোচকেরা।

ফিলাডেলফিয়ার ১২১৯ ভাইন স্ট্রিটে বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে প্রদর্শিত হয় পরিচালক আরিফ ইউসুফ নির্মিত ‘ব্লকেড’ প্রামাণ্যচিত্র। পাশাপাশি ছিল শিল্পকর্ম তৈরির আয়োজন, খাবার এবং ১৯৭১ সালের ঐতিহাসিক ঘটনা-সংশ্লিষ্ট দলিল ও আলোকচিত্রের প্রদর্শনী। প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা পর্ব।

আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানিপ মল্লিক। শুরুতে তিনি ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলের অ্যাট-লার্জ সদস্য ডা. নিনা আহমাদকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। বক্তব্যে নিনা আহমাদ প্রামাণ্যচিত্রটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশের মাটিতে সাধারণ মানুষের সাহসী ভূমিকা এবং আন্তর্জাতিক সংহতির ঘটনাগুলো নতুন প্রজন্মের জানা ও বোঝার সুযোগ সৃষ্টি করবে এই প্রামাণ্যচিত্র।

এ সময় তিনি প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদের পরিচয় তুলে ধরেন। প্রামাণ্যচিত্র নির্মাণের সময় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপনে তিনি পরিচালককে সহযোগিতা করেছিলেন। এরপর শ্রীদেবী শ্রীপতির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রামাণ্যচিত্রের পরিচালক আরিফ ইউসুফ, ১৯৭১ সালের অবরোধে অংশগ্রহণকারী ফিলিপস টেলরের ছেলে ড্যান টেলর এবং অবরোধের সঙ্গে সরাসরি যুক্ত ড. গেরি’সের অংশগ্রহণে বিশেষ আলোচনা।

আলোচনায় পরিচালক আরিফ ইউসুফ প্রামাণ্যচিত্রটি নির্মাণের পেছনের অভিজ্ঞতা, দীর্ঘ প্রস্তুতি, তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণসহ নির্মাণপ্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ১৯৭১ সালের এই গুরুত্বপূর্ণ ইতিহাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের অভিজ্ঞতা ও স্মৃতি সংরক্ষণ করাই ছিল প্রামাণ্যচিত্র নির্মাণের অন্যতম উদ্দেশ্য।

ড্যান টেলর তাঁর মা-বাবার স্মৃতিচারণা করে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাঁরা কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রবাহী জাহাজ অবরোধের আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁদের সেই সাহসী অবস্থান ও মানবিক দায়বদ্ধতার কথা তিনি তুলে ধরেন। অন্যদিকে, ড. গেরি’স ১৯৭১ সালের সেই অবরোধ আন্দোলনের সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিলেন এবং সে সময়ের ঘটনাপ্রবাহের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় অংশ নিয়ে প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদও প্রামাণ্যচিত্র নির্মাণের প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না; বিশ্বের বিভিন্ন দেশের বিবেকবান মানুষও মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। ফিলাডেলফিয়ায় অস্ত্রবাহী জাহাজ অবরোধ ছিল সেই আন্তর্জাতিক সংহতির এক তাৎপর্যপূর্ণ উদাহরণ। ইতিহাসের এ অধ্যায় সংরক্ষণ ও প্রচার করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগীতশিল্পী দেবী (Devi) সরাসরি সংগীত পরিবেশন করেন। তাঁর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এ স্মরণানুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিল সাউথ এশিয়ান আমেরিকান ডিজিটাল আর্কাইভ (SAADA)। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকানদের ইতিহাস, ঐতিহ্য ও অবদান সংরক্ষণ এবং প্রচারে কাজ করছে প্রতিষ্ঠানটি। আর্কাইভ, ঐতিহাসিক দলিল, প্রদর্শনী, বই ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সমাজে দক্ষিণ এশীয় আমেরিকানদের অবদান তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য।

আয়োজনটি বাস্তবায়নে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলের অ্যাট-লার্জ সদস্য ডা. নিনা আহমাদ নগর তহবিল নিশ্চিত করেন। অনুষ্ঠানটির পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছে আয়োজক প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে ফিলাডেলফিয়ার এই অস্ত্রবাহী জাহাজ অবরোধের ঘটনা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিদেশি নাগরিকদের সাহসী ভূমিকা ও আন্তর্জাতিক সংহতির এক গুরুত্বপূর্ণ দলিল। ‘ব্লকেড ’৭১’ প্রামাণ্যচিত্র ও স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে সেই বিস্মৃতপ্রায় ইতিহাস আবারও আলোচনায় উঠে এসেছে। – ফিলাডেলফিয়া থেকে মোহাম্মদ ইসলাম প্রেরিত