৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

‘আবেগ নয়, আইনানুগ পদক্ষেপ চলছে’! শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে বলল তারেক রহমানের সরকার

‘আবেগ নয়, আইনানুগ পদক্ষেপ চলছে’! শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে বলল তারেক রহমানের সরকার

শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে তাঁর অনুপস্থিতিতেই ঢাকায় তাঁর বিরুদ্ধে মামলা চলে। তাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হাসিনাকে। এ সবের মধ্যেই হাসিনা ঘোষণা করেছেন, তিনি ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন।

শেখ হাসিনার উপরে এখনও ক্ষুব্ধ বাংলাদেশের একাংশের জনতা। তাঁর প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য চাপ বাড়ছে তারেক রহমানের সরকারের উপরেও। তবে বাংলাদেশ সরকারের দাবি, হাসিনাকে ফেরানোর বিষয়ে তারা আইনগত ভাবেই পদক্ষেপ করছে। এ ক্ষেত্রে আবেগের কোনও বিষয় নেই বলেই দাবি তাদের।

রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে হাসিনা প্রসঙ্গে প্রশ্ন করা হয় বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে। উত্তরে তিনি বলেন, “শেখ হাসিনার বিষয়ে আইনগত ভাবে যা যা করার, আমরা তা করছি। আইনসঙ্গত ভাবেই ডিল করা হবে। আমরা যখন কোনও পদক্ষেপ করব, সেখানে ইমোশনের (আবেগের) কোনও বিষয় নেই। আমরা আইনটাকে প্রয়োগ করব।”

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা। ওই বছরের ৫ অগস্ট তিনি চলে আসেন ভারতে। সেই থেকে ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে ফেরত চেয়ে দিল্লিতে কূটনৈতিক বার্তাও পাঠিয়েছে ঢাকা। দিল্লিও তার প্রাপ্তিস্বীকার করে জানায়, এ বিষয়ে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।

হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে তাঁর অনুপস্থিতিতেই ঢাকায় তাঁর বিরুদ্ধে মামলা চলে। তাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হাসিনাকে। এ সবের মধ্যেই হাসিনা ঘোষণা করেছেন, তিনি ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। যদিও এ নিয়ে বিস্তারিত তথ্য জানাননি তিনি। ভারত সরকারও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃত্যুদণ্ড প্রসঙ্গে হাসিনা বলেছেন, ‘‘যদি মৃত্যুই আমার ভবিতব্য হয়, আমি নিজের দেশের মাটিতে নিজের লোকজনের মাঝে মরতে চাই। তাই আমি বাংলাদেশে ফিরব। আমার সেই সিদ্ধান্তে কোনও পরিবর্তন হয়নি।’’ নিজের দেশে ফেরার জন্য তাঁর কোনও বিদেশি শক্তির সুরক্ষারও প্রয়োজন নেই বলেও জানিয়েছেন হাসিনা। – সংবাদসুত্র কোলকাতার আনন্দবাজার পত্রিকা