নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় বেলাল মসজিদে ১০ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নে অভিযোগে গ্রেফতার হওয়া মসজিদের ইমাম তাজুল ইসলাম (৫৫) আদালতে নিজেকে নির্দোষ দাবী করে ২৫ হাজার ডলারের বন্ডের বিনিময়ে জামিন লাভ করেছেন।
অভিযোগে প্রকাশ, গত ২১ থেকে ২৭ এপ্রিলের মধ্যে মসজিদের ভেতরে চারটি পৃথক ঘটনায় তিনি ওই শিশুর বুকে ও শরীরের অন্যান্য অংশে স্পর্শ করেন। শিশুটি ঘটনা জানানোর পর কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড সোমবার তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে যৌন নিপীড়ন, জোরপূর্বক স্পর্শ ও শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনে।
পুলিশ সন্দেহ করছে এ মামলায় আরও ভুক্তভোগী থাকতে পারে, তাই জনসাধারণের কাছে তথ্যের আহ্বান জানিয়ে এনওয়াইপিডি’র সেক্স ক্রাইমস হটলাইন ও ক্রাইম স্টপার্স নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।














