১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযানে এক লাখ ৪৫ হাজারেরও বেশি আমেরিকান নাগরিক শিশু বাবা বা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযানে এক লাখ ৪৫ হাজারেরও বেশি আমেরিকান নাগরিক শিশু বাবা বা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া কঠোর অভিবাসন অভিযানের ফলে যুক্তরাষ্ট্রে এক লাখ ৪৫ হাজারেরও বেশি আমেরিকান নাগরিক শিশু তাদের বাবা বা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে নতুন এক গবেষণায় পাওয়া তথ‍্যে জানা গেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন সংক্রান্ত আটক অভিযান শুধু অভিবাসীদেরই নয়, তাদের পরিবারের উপরও গভীর সামাজিক ও মানবিক প্রভাব ফেলছে।

খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে প্রায় ১ লাখ ৪৬ হাজার ৬৩৫ জন আমেরিকান নাগরিক শিশুর অন্তত একজন অভিভাবক অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন। তাদের মধ্যে ২২ হাজারেরও বেশি শিশু এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যেখানে একই বাসায় থাকা সব অভিভাবকই আটক হয়েছেন।

গবেষণায় দেখা গেছে, ক্ষতিগ্রস্ত শিশুদের মধ্যে প্রায় ৩৬ শতাংশের বয়স ছয় বছরের নিচে। অল্প বয়সী শিশুদের বড় একটি অংশ এই পরিস্থিতির মধ্যে পড়ায় বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠন এবং অভিবাসী অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই এমন অভিযানের সমালোচনা করে আসছেন।

ব্রুকিংস ইনস্টিটিউশনের প্রতিবেদন অনুযায়ী, আটক হওয়া অভিভাবকদের মধ্যে সবচেয়ে বড় অংশের উৎস মেক্সিকো। মোট ক্ষতিগ্রস্ত শিশুদের প্রায় ৫৪ শতাংশের বাবা-মা মেক্সিকান বংশোদ্ভূত। এছাড়া গুয়াতেমালা ও হন্ডুরাসের অভিবাসী পরিবারগুলোর শিশুরাও উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে।

গবেষণায় পাওয়া তথ‍্যে আরো জানা গেছে, ওয়াশিংটন ডিসি ও টেক্সাসে সবচেয়ে বেশি সংখ্যক আমেরিকান নাগরিক শিশু এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। প্রতি এক হাজার শিশুর মধ্যে পাঁচজনের বেশি অন্তত একজন অভিভাবকের আটক হওয়ার অভিজ্ঞতার মধ্যে পড়েছে।

ব্রুকিংসের গবেষকরা দাবি করেছেন, সরকারি হিসাব প্রকৃত সংখ্যার তুলনায় অনেক কম হতে পারে। তাদের মতে, অনেক অভিবাসী হয় সন্তান থাকার তথ্য প্রকাশ করছেন না, অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব সময় এ ধরনের তথ্য সংগ্রহ করছে না। ফলে প্রকৃত প্রভাব আরও বড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।