গত ২৭শে জুন নিউইয়র্কের অভিজাত ভেন্যু লিওনার্ডস পালাজো’তে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৫-২০২৬ কার্যবছরের বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম লায়ন্স জেলা গভর্নর লায়ন আসেফ বারীর সফল কার্যবছর। বিকেল গড়িয়ে সান্ধ্যকালীন এই রাজকীয় আয়োজন রূপ নেয় এক ঐতিহাসিক মুহূর্তে। লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর অন্তর্গত ৪৫টি লায়ন্স ক্লাবের প্রতিনিধিসহ ডিস্ট্রিক্ট এর প্রাক্তন জেলা গভর্নরগন, নিউইয়র্কের অন্যান্য লায়ন্স ডিস্ট্রিক্টের গভর্নরসহ নিউইয়র্কস্থ বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসেবে নিউইয়র্কের সদ্য বিদায়ী সিটি মেয়র এরিক অ্যাডামস এই রাজকীয় আয়োজনে যোগ দিয়ে অনুষ্ঠানের মাত্রাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যায়। অনুষ্ঠান শুরুর পূর্বে অতিথিদের মাঝে বাহারী রকমের সান্ধ্যকালীন খাবার পরিবেশন করা হয়।

সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠানের মূল চমক আমেরিকা তথা বিশ্বের জনপ্রিয় প্রয়াত সঙ্গীত শিল্পী কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনকে উৎসর্গ করে গভর্নর আসেফ বারী মাইকেল জ্যাকসন পোশাকে সেজে অনুষ্ঠানে উপস্থিত হলে-হল ভর্তি অতিথিরা আনন্দে ফেটে পড়েন এবং মাইকেল জ্যাকসনের সর্বাধিক জনপ্রিয় গান “বিলি জিন” এর ছন্দে আগত অতিথিরা মন্ত্রমুগ্ধ হয়ে আসেফ বারীর নাচের তালে তালে নিজেরাও একাট্ট হয়ে নাচে অংশ গ্রহন করেন। আর এই পুরো অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব পালন করেন গভর্নর আসেফ বারীর সুযোগ্য “পার্টনার ইন সার্ভিস” এবং মুনশাইন লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন মুনমুন হাসিনা বারী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লায়ইজমের প্রথানুসারে দুই দেশের জাতীয় সঙ্গীত, প্লেজ অব এলিজেন্স ও লায়ন টোষ্টের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন বর্ষীয়ান লায়ন আহসান হাবীব। এই পর্বে লায়ন গভর্নর আসেফ বারী বিদায়ী ভাষণ উপস্থাপন করেন এবং এ সময় তাঁর পাশে ছিলেন সহধর্মীনি ও পার্টনার ইন সার্ভিস লায়ন মুনমুন হাসিনা বারী, বড় ছেলে লায়ন মুহিব বারী, একমাত্র কন্যা লায়ন সাবাহ বারী ও ছোট ছেলে লায়ন আদিব বারী।

আসেফ বারী তাঁর বিদায়ী ভাষণে একে একে লায়ন জেলা ২০-আর ২ এর কেবিনেট মেম্বার, প্রাক্তন গভর্নর এবং ২০২৫-২০২৬ কার্যবছরে তাঁর পাশে থেকে ডিস্ট্রিক্ট কে সফল ও পূর্ণ লায়ন্স ডিস্ট্রিক্টের মর্যাদা অর্জনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় গভর্নর বারী উল্লেখ করেন- পুরো একটি বছর তাঁর সহধর্মীনি এবং পার্টনার ইন সার্ভিস লায়ন মুনমুন বারী তাকে পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা ও বুদ্ধি পরামর্শ দিয়ে বছরটিকে সফল করার জন্য তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় মুনমুন বারী আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিশেষে গভর্নর তাঁর কার্যকালীন সময়ে যদি কোন ভুল-ত্রুটি করে থাকেন তার দায়-দায়িত্ব তাঁর ঘাড়ে নিয়ে ভবিষ্যতে লায়ন্স ডিস্ট্রিক্টকে আরো গতিবান ও শক্তিশালী করার লক্ষ্যে তাঁর সহযোগিতার হাত প্রসারিত রাখার অঙ্গিকার রেখে বিদায়ী বক্তব্য শেষ করেন।

এরপর লায়ন্স জেলা ২০-আর ২ এর কাউন্সিল প্রেসিডেন্ট স্টিভ তাঁর বক্তব্যে জেলা গভর্নর আসেফ বারী ২০২৫-২০২৬ সালের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বক্তব্যে উল্লেখ করেন আসেফ বারী লায়ন জেলাকে একটি অনন্য উচ্চমাত্রায় নিয়ে গেছেন এবং লায়ন ডিস্ট্রিক্টে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং উদাহরণ হয়ে থাকবেন। অতঃপর একে একে বাংলাদেশী কমিউনিটির সম্মানিত অতিথিরা গভর্নর আসেফ বারীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের তৃতীয় পর্ব ছিল ঐতিহাসিক আকর্ষনীয় পর্ব, এই পর্বে গভর্নর আসেফ বারী রাজার বেশে হাতে তরবারী নিয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হলে আমন্ত্রিত দেশী-বিদেশী অতিথিরা আনন্দে আত্মহারা হয়ে উঠেন এবং চমকপ্রদ এই রাজসিক পোষাকে মনে হয়েছিল ঊনবিংশ শতাব্দীর কোন এক রাজা তাঁর রানীকে নিয়ে রাজদরবারে প্রবেশ করেছেন।

এ সময় সুদূর পাঞ্জাব থেকে আগত ঢোলী তাঁর হাতের জাদুকরি ঢোলীর বাদ্য বাজিয়ে সকলকে মাতোয়ারা করে তুলেছিল উপস্থিত সকলকে। ডিজে আলোকসজ্জায় এ ভাংড়া সঙ্গীতের তালে তালে পুরো ৩০ মিনিট জুড়ে অনুষ্ঠান স্থল হয়ে উঠেছিল এক নান্দনিক আবেশে। এ সময় অভ্যাগত অতিথিরা ছন্দের তালে তালে দারুন একটা সময় উপভোগ করেছেন।

পরিশেষে অনুষ্ঠানের কনভেনর প্রাক্তন গভর্নর লায়ন মেদাদিসী উক্ত অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পার্টনার ইন সার্ভিস লায়ন মুনমুন বারী আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য তাঁর টিম লায়ন আহসান হাবীব, লায়ন হাবিবুল বাহার ও লায়ন সাইফুল ইসলামকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সুস্বাদু বাহারি ডিনার অতিথিদের মাঝে পরিবেশন করা হয়।আর এভাবেই জেলা গভর্নর আসেফ বারীর একটি সফল লায়ন কার্যবছরের বিদায় অনুষ্ঠান সুসম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে














