সামরিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। পাশাপাশি বিষয়টিকে বারবার ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করাটা কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার সঙ্গেই সম্পর্কিত বলে স্পষ্ট করেছে দেশটি।
গত শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমি যখন আইনি বিষয়ের কথা বলেছি, তখন সেটি এর প্রত্যর্পণ অংশটুকু নিয়েই ছিল। আপনার প্রশ্নের অন্য অংশের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ যেন একটি সামরিক বিমান পাঠায় এবং তার জন্য সুষ্ঠু বিচারের নিশ্চয়তা চেয়েছে ভারত—এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এর আগে বৃহস্পতিবার বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানায়, নয়াদিল্লি থেকে হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সামরিক বাহিনী নিক—ভারত এমনটি চায়। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের অভিযোগে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং নতুন করে বিচারের নিশ্চয়তাও চেয়েছে দেশটি।
ভারতের সরকারি ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপের মুখে ভারতে হাসিনার উপস্থিতি ভারত সরকারের জন্য ক্রমশ অস্বস্তিকর হয়ে ওঠায় তার ফেরার ব্যবস্থা করতে নয়াদিল্লি দুটি বড় শর্ত দিয়েছে।
প্রথম শর্তটি হলো তাকে হস্তান্তর সংক্রান্ত। ভারত চায়, হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সামরিক বাহিনী নিক এবং সম্ভব হলে তা বাংলাদেশের একটি সামরিক বিমানে করেই হোক।
দ্বিতীয় শর্তটি বিচারিক প্রক্রিয়া-সংক্রান্ত। নয়াদিল্লি চায়, হাসিনাকে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের অভিযোগে তার নতুন করে বিচার হবে—এমন নিশ্চয়তা। তবে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছে—এমন কোনো ধারণা ভারত তৈরি করতে চায় না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাকে কখনোই ফাঁসির মঞ্চে ঠেলে দিতে পারি না। বরং আমরা চাই, তিনি যেন একটি নতুন, নিরপেক্ষ ও সুষ্ঠু বিচারের সুযোগ পান।’ ওই কর্মকর্তা আরও বলেন, ভারত চাইবে পুরো বিচারিক প্রক্রিয়াটি আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারির মধ্যে অনুষ্ঠিত হোক।
হাসিনাকে ফিরিয়ে আনার দুটি বিকল্প
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভারত চায় হাসিনার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের সামরিক বাহিনী সামলাক। সেটি আকাশপথে অথবা স্থলসীমান্ত দিয়ে হতে পারে। প্রথম বিকল্পের অধীনে, বাংলাদেশ তাকে দেশে ফিরিয়ে নিতে নয়াদিল্লিতে একটি সামরিক বিমান পাঠাতে পারে। অথবা, দুই দেশের সম্মতিতে নির্ধারিত কোনো সীমান্তে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা তাকে গ্রহণ করতে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, উভয় ব্যবস্থার যেকোনোটির জন্য প্রয়োজনীয় পরিবহন ও লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত রয়েছে।
ভারতের কর্মকর্তারা হাসিনাকে বন্দী হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দিতে চান না বলে জানা গেছে। ভারতের দীর্ঘদিনের বন্ধু ও মিত্র হওয়ায় এমন পরিস্থিতিতে তাকে হস্তান্তর করা হলে তা নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ অন্যান্য প্রতিবেশী দেশের রাজনৈতিক মিত্রদের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার পর হাসিনার নিরাপত্তা সুরক্ষিত থাকবে—এমন নিশ্চয়তাও চেয়েছে ভারত; যেখানে বাংলাদেশ সেনাবাহিনী তার নিরাপত্তার দায়িত্ব নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভারতের এক সামরিক কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, বাংলাদেশে ফেরার পর হাসিনার জীবন ও নিরাপত্তা যেন ঝুঁকির মুখে না পড়ে, নয়াদিল্লি সেটি নিশ্চিত করতে চায়।
শুরুতে তৃতীয় দেশের বিকল্প ভেবেছিল ভারত
প্রতিবেদনে বলা হয়, ভারত শুরুতে হাসিনাকে কোনো তৃতীয় দেশে পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখেছিল এবং এ বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগও করেছিল। তবে নানা কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
ভারতের নীতিনির্ধারকেরা এখন তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং দেশের বিচারিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়াকেই কূটনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার সবচেয়ে বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচনা করছেন বলে জানা গেছে।
ভারতে তার অব্যাহত অবস্থান নয়াদিল্লির জন্য ক্রমশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে; যা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলছে এবং গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতকে আন্তর্জাতিক সমালোচনার মুখে ফেলছে।
প্রতিবেদনে বলা হয়, ভারত আরও মনে করে যে হাসিনার প্রত্যাবর্তন ছাড়া নয়াদিল্লির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশে রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করা কঠিন হবে।
বাংলাদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সক্রিয় রাজনীতিতে তাদের সম্ভাব্য প্রত্যাবর্তনকে ভারতীয় নীতিনির্ধারকেরা গুরুত্বপূর্ণ বলে মনে করেন। বিবিসি বাংলা জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ব্রিফ করে থাকে এবং এ ধরনের ব্রিফিংয়ে হাসিনাকেও নয়াদিল্লির অবস্থান সম্পর্কে অবহিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর পর হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার অভিপ্রায় ঘোষণা করেন। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা বলেছিলেন, তিনি ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। তিনি সেই অবস্থানেই অটল রয়েছেন, তবে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি।
ঢাকা ও দিল্লির মধ্যে সামরিক যোগাযোগ
হাসিনার প্রত্যাবর্তন সহজ করার ক্ষেত্রে দুই দেশের সশস্ত্র বাহিনীর সম্ভাব্য ভূমিকার বিষয়টিও বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে।
এতে গত অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতে বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর নয়াদিল্লি সফরের কথা উল্লেখ করা হয়েছে। ওই সফরে তিনি কেবল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই নয়, ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও সাক্ষাৎ করেন বলে জানা গেছে।
ভারতের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, বিশেষ কোনো পরিস্থিতির প্রয়োজন না হলে স্বাভাবিক অবস্থায় বাংলাদেশে দ্বায়িত্বপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে ভারতের সেনাপ্রধানের আলাদা বৈঠক করার তেমন কোনো কারণ থাকে না।
ওই সফরে হাসিনার প্রত্যাবর্তন সহজতর করতে দুই দেশের সামরিক বাহিনীর সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। গত দুই থেকে আড়াই বছরে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে উত্থান-পতন সত্ত্বেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তার পূর্বসূরি এর আগে জানিয়েছিলেন যে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখতেন। জানা গেছে, তাদের মধ্যে প্রতি সপ্তাহেই কথাবার্তা হতো। প্রতিবেদন অনুযায়ী, ভারত এখন হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে বিদ্যমান সেই সামরিক যোগাযোগের মাধ্যমগুলো কাজে লাগাতে চায়।
ঢাকার সদিচ্ছা নিয়ে ভারতের সংশয়
হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলেও ঢাকার বর্তমান সরকার সত্যিই তার প্রত্যাবর্তন চায় কি না, সে বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের মধ্যে সংশয় রয়েছে বলে জানা গেছে।
ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে বিবিসি বাংলা জানায়, নয়াদিল্লি মনে করে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের প্রকাশ্য দাবি সরকারের প্রকৃত রাজনৈতিক হিসাব-নিকাশের পূর্ণ প্রতিফলন না-ও হতে পারে।
ভারতীয় নীতিনির্ধারকদের ধারণা, বাংলাদেশ সরকার ইতিমধ্যেই জ্বালানি সংকট এবং পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। তাদের আশঙ্কা, হাসিনার প্রত্যাবর্তন রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও তীব্র করতে পারে।
প্রতিবেদনে বলা হয়, তার ফেরার ব্যবস্থা করার আগে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে, ফলে দ্রুত কোনো সমাধানের সম্ভাবনা কম। তাই ডিসেম্বরের মধ্যে তিনি ফিরতে পারবেন কি না, সে বিষয়ে ভারতীয় পর্যবেক্ষকেরা অনিশ্চিত।
ভারত যেসব শর্ত চাইছে, সেগুলোর অধীনে তার প্রত্যাবর্তনের ব্যবস্থা করা যে সহজ হবে না, তা-ও দেশটি উপলব্ধি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তা সত্ত্বেও, ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে হাসিনার প্রকাশ্য ঘোষণায় ভারতীয় কর্তৃপক্ষ সম্মতি দিয়েছিল। শেষ পর্যন্ত তিনি ফিরতে ব্যর্থ হলেও এই ঘোষণার মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সুবিধা দেখছে নয়াদিল্লি।
সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘অন্তত তখন আমরা বলতে পারব যে শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখিয়ে তাকে তা করতে দেয়নি।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে হাসিনার এই ঘোষণা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহের সঞ্চার করেছে।
এতে আরও বলা হয়, ভারত চায় আওয়ামী লীগ দেশের রাজনৈতিক অঙ্গনে পুনরায় জায়গা করে নিক এবং দেশে ফেরার বিষয়ে হাসিনার ঘোষিত অভিপ্রায়কে সম্ভাব্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে।
বিবিসি বাংলা জানায়, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর হাসিনা কোথায় থাকবেন, তা এখনো অনিশ্চিত। তিনি যদি ভারতেই থেকে যান, তবে নয়াদিল্লি সাবেক এই প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার মেয়াদ বাড়ানোর আরেকটি যুক্তি হিসেবে তার এই অবস্থানকে ব্যবহার করতে পারে।
বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ
২০২৪ সালের ডিসেম্বরে একটি কূটনৈতিক পত্রের মাধ্যমে হাসিনার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানায় বাংলাদেশ। কূটনৈতিক পরিভাষায় এ ধরনের চিঠিকে ‘নোট ভার্বাল’ বলা হয়।
পরবর্তী সময়ে ঢাকা আরও কয়েকটি ফলো-আপ অনুরোধ পাঠিয়েছে। তবে বিবিসি বাংলার তথ্যমতে, ভারত এখন পর্যন্ত প্রত্যর্পণের ওই অনুরোধ গ্রহণও করেনি, আবার প্রত্যাখ্যানও করেনি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে, এটি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং আইন অনুযায়ীই এর সমাধান হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিধান ঢাকার অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ নয়াদিল্লিকে দিতে পারে।
এদিকে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা নিয়ে করা প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের জন্য সুবিধাজনক একটি তারিখে অনুষ্ঠিত হবে এবং এতে সংশোধিত ভ্রমণ ব্যবস্থার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
‘ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়’—এ কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কারিগরি পর্যায়সহ বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোগুলোর মাধ্যমে ঢাকার সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে নয়াদিল্লি প্রস্তুত রয়েছে।
জয়সওয়াল আরও বলেন, বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও পানি ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে প্রতিষ্ঠিত কাঠামোগুলোর আওতায় উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছে।










