যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স (জিবিসিসি)। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও পেশাজীবীদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইস হোটেলে উদ্বোধনী অনুষ্ঠান ও ‘মিট দ্য প্রেস’ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জিবিসিসি। অনুষ্ঠানে ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, কমিউনিটি নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জিবিসিসির প্রতিষ্ঠাতা কাজী এম. আহমেদ, শেখ গালিব রহমান ও রেদওয়ান চৌধুরী সংগঠনটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতারা জানান, যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আন্তর্জাতিক যোগাযোগকে একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, জাপান, ইতালি, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যেও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করবে জিবিসিসি।
সংগঠনটি আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক অংশীদারত্ব, বাজার সম্প্রসারণ, পেশাগত যোগাযোগ ও ব্যবসায়িক নেতৃত্ব বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

অন্যতম প্রতিষ্ঠাতা কাজী এম. আহমেদ বলেন, ভৌগোলিক সীমা পেরিয়ে ব্যবসায়িক অংশীদার খোঁজা, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন বাণিজ্যিক সুযোগ অনুসন্ধানের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্মের প্রয়োজন রয়েছে।

অন্যতম প্রতিষ্ঠাতা শেখ গালিব রহমান বলেন, বিভিন্ন দেশের ব্যবসায়ী কমিউনিটিকে একত্র করা এবং উদ্যোক্তা ও নতুন প্রজন্মের ব্যবসায়িক নেতৃত্বের জন্য নতুন সুযোগ তৈরি করাই জিবিসিসির অন্যতম লক্ষ্য। অন্যতম প্রতিষ্ঠাতা রেদওয়ান চৌধুরী জানান, শুধু নেটওয়ার্কিং নয়, ব্যবসায়িক সম্পর্ককে বাস্তব বাণিজ্যিক ও অর্থনৈতিক সুযোগে রূপান্তর করতে কাজ করবে সংগঠনটি।

আয়োজকরা আরও জানান, ব্যবসায়িক ফোরাম, নেটওয়ার্কিং কার্যক্রম, প্রশিক্ষণ ও শিক্ষামূলক উদ্যোগ, কৌশলগত অংশীদারত্ব এবং আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে জিবিসিসির কার্যক্রম পরিচালিত হবে।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এক ছাতার নিচে এনে আন্তর্জাতিক বাজারে নতুন অংশীদারত্ব, বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স।













