২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

নিউইয়র্ক স্টেটের ৮২ লাখ পরিবারকে ২০০ ডলার পর্যন্ত জ্বালানি সহায়তা, বাংলাদেশিরা যেভাবে পেতে পারেন

নিউইয়র্ক স্টেটের ৮২ লাখ পরিবারকে ২০০ ডলার পর্যন্ত জ্বালানি সহায়তা, বাংলাদেশিরা যেভাবে পেতে পারেন

নিউইয়র্ক স্টেটে জ্বালানি ও দৈনন্দিন ব্যয়ের চাপ কমাতে আগামী ২১ সেপ্টেম্বর থেকে যোগ্য পরিবারগুলোর কাছে সর্বোচ্চ ২০০ ডলারের এককালীন সহায়তার চেক পাঠানো শুরু হচ্ছে।

নিউ ইয়র্ক স্টেটের ১ বিলিয়ন ডলারের ‘প্রটেক্টিং আওয়ার ওয়ালেটস এনার্জি রিবেট’ কর্মসূচির আওতায় প্রায় ৮২ লাখ পরিবার এই অর্থ পাওয়ার যোগ্য বলে জানিয়েছে স্টেট গভর্নর ক্যাথি হোকুলের প্রশাসন।

এই কর্মসূচির আওতায় যোগ্য বাসিন্দাদের আলাদাভাবে আবেদন, নিবন্ধন বা কোনো ফরম পূরণ করতে হবে না। নিউইয়র্কের কর বিভাগের কাছে থাকা তথ্যের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করে চেক ডাকযোগে পাঠানো হবে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিতরণ ডিসেম্বর পর্যন্ত চলবে। কর্মসূচিটির জন্য চলতি অর্থবছরের রাজ্য বাজেটে ১ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। তবে পরিবারের আয় ও কর জমা দেওয়ার ধরন অনুযায়ী সহায়তার পরিমাণ আলাদা হবে।

যৌথভাবে কর জমা দেওয়া দম্পতি বা পরিবারের আয় ১ লাখ ৫০ হাজার ডলারের কম হলে ২০০ ডলার পাওয়া যাবে। আয় ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ডলারের মধ্যে হলে সহায়তার পরিমাণ হবে ১৫০ ডলার। আর এককভাবে কর জমা দেওয়া ব্যক্তিদের আয় ১ লাখ ৫০ হাজার ডলারের কম হলে তারা ১০০ ডলার পাবেন।

বাংলাদেশিরা কীভাবে পাবেন

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরাও এই সহায়তা পাওয়ার সুযোগ রাখেন, যদি তাঁরা নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেন। এর জন্য যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া বা কোনো নির্দিষ্ট অভিবাসন শ্রেণিতে থাকা আলাদা শর্ত হিসেবে উল্লেখ করা হয়নি। মূল বিষয় হলো নিউইয়র্ক স্টেটের করদাতা হিসেবে নির্ধারিত শর্ত পূরণ করা।

যোগ্য হতে হলে ২০২৪ সালের নিউইয়র্ক স্টেটের আয়কর রিটার্ন জমা দেওয়া থাকতে হবে। একই সঙ্গে পুরো বছর নিউইয়র্কে বসবাস করতে হবে এবং অন্য কোনো করদাতার রিটার্নে নির্ভরশীল হিসেবে দেখানো থাকা যাবে না।

অর্থাৎ, নিউইয়র্কে বসবাসকারী কোনো বাংলাদেশি পরিবার যদি ২০২৪ সালের স্টেট আয়কর রিটার্ন জমা দিয়ে থাকে, পুরো বছর নিউ ইয়র্ক স্টেটে বসবাস করে থাকে এবং আয়ের সীমাসহ অন্যান্য শর্ত পূরণ করে, তাহলে আলাদাভাবে আবেদন না করেই নির্ধারিত সহায়তার চেক পাওয়ার কথা।

চেক পাওয়ার ক্ষেত্রে কর বিভাগের কাছে থাকা ঠিকানার তথ্য গুরুত্বপূর্ণ। তাই যোগ্য বাসিন্দাদের করসংক্রান্ত তথ্য ও ডাকযোগে যোগাযোগের ঠিকানা সঠিক আছে কি না, তা নিশ্চিত রাখা প্রয়োজন।

কারা কত পাবেন

স্টেটের নির্ধারিত কাঠামো অনুযায়ী: যৌথভাবে কর জমা দেওয়া এবং আয় ১ লাখ ৫০ হাজার ডলারের কম হলে: ২০০ ডলার। যৌথভাবে কর জমা দেওয়া এবং আয় ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ডলারের মধ্যে হলে: ১৫০ ডলার। এককভাবে কর জমা দেওয়া এবং আয় ১ লাখ ৫০ হাজার ডলারের কম হলে: ১০০ ডলার।

নিউ ইয়র্ক স্টেট প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এই অর্থের উদ্দেশ্য হলো বাড়ির জ্বালানি বিল ও গাড়ির জ্বালানির বাড়তি খরচসহ জীবনযাত্রার ব্যয়ের চাপ কিছুটা কমানো। গভর্নর হোকুল বলেছেন, অনেক পরিবার বাড়তি জ্বালানি ব্যয়ের কারণে চাপে রয়েছে এবং এই কর্মসূচির মাধ্যমে তাদের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।

তবে এটি নিয়মিত কোনো মাসিক ভাতা বা ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে এমন অর্থপ্রদান নয়। এটি নিউ ইয়র্ক স্টেটের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আওতায় অনুমোদিত এককালীন সহায়তা কর্মসূচি।