২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

৩৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি এনামুল হক এনাম হক গ্রেফতার হলেন ইমিগ্রেশন পুলিশের হাতে

৩৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি এনামুল হক এনাম হক গ্রেফতার হলেন ইমিগ্রেশন পুলিশের হাতে

নিউইয়র্কের বাফেলো সিটিতে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস কর্তৃক গ্রেফতার হয়েছেন কমিউনিটির পরিচিত মুখ, সংস্কৃতি-প্রমোটার এনামুল হক এনাম হক (৬২), যিনি ৩৪ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে বসবাস করলেও তার “গ্রিনকার্ড” হয়নি বলে জানা গেছে তবে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গত বুধবার (১৪ অক্টোবর) তাকে বাফেলো সিটি থেকে গ্রেপ্তার করা হয় বলে আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরীর সুত্রে জানা গেছে ।বাংলাদেশে এনামুল হকের বাড়ি কুমিল্লায়। যুক্তরাষ্ট্রে আসার পর বেশ কয়েকবছর তিনি নিউ ইয়র্ক সিটিতে বসবাস করছিলেন। পরে কয়েকবছর ভার্জিনিয়ায় থাকার পর বাফেলো চলে যান। পারিবারিক সুত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে তিনি একবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং দুটি কন্যা সন্তানেরও জনক।

অ্যাটর্নি মঈন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “অভিবাসনের বিধি লঙ্ঘন ব্যতীত এনামুলের কোনো অপরাধ ছিল না। তিনি সাংস্কৃতিক সংগঠক হিসেবে গত কয়েক দশকে বেশ কিছু তারকা শিল্পীকে ‘স্পন্সর করে’ যুক্তরাষ্ট্রে এনেছেন। সাড়া জাগানো অনুষ্ঠানও করেছেন। এর মধ্যে অনেক শিল্পীই পরবর্তীকালে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিনকার্ডও পেয়েছেন এবং রীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও নিয়েছেন। কিন্তু এনামুল হক তা করতে পারেননি।”

অ্যাটর্নি মঈন চৌধুরী আরো জানিয়েছেন, গত কয়েক মাসে বাফেলো সিটি থেকে বেশ কয়েকজন বাংলাদেশিসহ ৪ শতাধিক অবৈধ অভিবাসীকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে।