বরাবরের মতো এবছরও বর্ণাঢ্য আয়োজনে ১লা বৈশাখের দিনেই বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে প্রবাসের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ড্রামা সার্কল নিউইয়র্ক। ১৯৯৪ থেকে শুরু করে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সংগঠনটি উইকেন্ডে নয়, পহেলা বৈশাখের দিনেই বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে কমিউনিটিতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ১৪ এপ্রিল মঙ্গলবার উডসাইডের কুইন্স প্যালেসে ড্রামা সার্কল নিউইয়র্কের আয়োজনে বর্ষবরণ-১৪৩৩ অনুষ্ঠিত হয়।

বিকেল থেকেই রঙ-বেরঙের বৈশাখী সাজে সেজে শতশত প্রবাসী বাঙালীর নর-নারী উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল, রূপ নেয় এক খন্ড বাংলাদেশে।

অনুষ্ঠান শুরু হয় ঠিক সন্ধ্যা ৭টায় পান্তা-ইলিশ ভোজ শুরু মাধ্যমে। এই ভোজের উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ডা. দিলরুবা হোসেন ও আলী শিকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নার্গিস আহমেদ। ভোজন পরবর্তীতে অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বক্তব্য ও সাংস্কৃতিক পর্ব।

অনুষ্ঠানের মূলপর্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবীর আলমগীর। এছাড়াও বক্তব্য রাখেন নার্গিস আহমেদ। তারা তাদের বক্তব্যে ড্রামা সার্কলের দীর্ঘ পথচলা, প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার গুরুত্ব এবং নতুন প্রজন্মের মাঝে এই ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও ঠিকানা গ্রপের চেয়ারম্যান এম এম শাহীন, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক প্রথম আলো’র সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, সাগর ফাউন্ডেশনের প্রধান ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, উৎসব গ্রুপের প্রধান রায়হান জামান, বিশিষ্ট ব্যবসায়ী জিএফবি গ্রুপের গোলাম ফারুক ভূঁইয়া, কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, কাহিনীক-এর সিইও ইফতেখার ইভান এবং এফএমএস গ্রুপের প্রধান হোসেন জব্বার শৈবাল।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী, লেমন চৌধুরী, কান্তা আলমগীর, ফারহানা তুলি, জাফরিন আবেদীন, ফারহানা মমো, আনোয়ারা আনা ও শায়ান। নৃত্য পরিবেশন করে জারিন মাইশা, অন্তরা সাহা এবং নীলা ড্যান্স একাডেমির শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন ফারুক আজম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আদিবা জহির ও আবীর আলমগীর। খবর ইউএনএ-র




















