২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শেষের পাতা

২০২৮ সালের আগে বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা কম করলেন বেবিচক চেয়ারম্যান

২০২৮ সালের আগে বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা কম করলেন বেবিচক চেয়ারম্যান

আন্তর্জাতিক এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট সম্পন্ন করা এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চতর নিরাপত্তা মান অর্জন না করা পর্যন্ত ২০২৮ সালের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা নেই।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক রবিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছেন। ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে বেবিচক চেয়ারম্যান জানান, আগামী দুই বছরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) দুটি গুরুত্বপূর্ণ অডিটের (নিরীক্ষা) মুখোমুখি হবে বাংলাদেশ। তিনি বলেন, এ বছরের অক্টোবর মাসে আইকাও-এর সিকিউরিটি অডিট অনুষ্ঠিত হবে এবং ২০২৭ সালের অক্টোবরে আরও একটি সেফটি অডিট হওয়ার কথা রয়েছে।

নিউইয়র্কের সাথে সরাসরি আকাশ যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে দীর্ঘদিনের প্রচেষ্টার বিষয়ে এক প্রশ্নের জবাবে মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বিষয়টি আইকাও অডিটের চেয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর ‘ক্যাটাগরি-১’ এভিয়েশন সেফটি রেটিং অর্জনের সাথে সম্পৃক্ত। তিনি বলেন, “আমরা প্রথমে আইকাও অডিটগুলো শেষ করব। ২০২৭ সালের অডিটে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর এফএএ ক্যাটাগরি-১ মর্যাদা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বেবিচক চেয়ারম্যান বলেন, অডিট পরবর্তী মূল্যায়ন ও অনুমোদন প্রক্রিয়া সফলভাবে শেষ করতে পারলে বাংলাদেশ কাঙ্ক্ষিত এই রেটিং অর্জন করতে সক্ষম হবে। তবে ২০২৮ সালের আগে সরাসরি নিউইয়র্ক ফ্লাইট শুরু হতে পারে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এখনই কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। তিনি আরও বলেন, “২০২৭ সালের অডিট শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। বিষয়টি অডিট পরবর্তী মূল্যায়ন এবং অনুমোদন প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।”

উল্লেখ্য, টানা চার বছর এই রুটে ফ্লাইট পরিচালনা না করার কারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বাংলাদেশকে ‘ক্যাটাগরি-২’ তে নামিয়ে দিয়েছিল। এর ফলে ২০০৬ সালের জুলাই মাস থেকে বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট বন্ধ রয়েছে। এই রেটিং পুনরুদ্ধার করা দীর্ঘ সময় ধরে সরকার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যতম প্রধান লক্ষ্য। বিমান কর্তৃপক্ষ নিউইয়র্কে পুনরায় সেবা চালুর বিষয়ে বারবার আগ্রহ প্রকাশ করে আসছে। তবে সব মিলিয়ে এই রুটে ডানা মেলতে যাত্রীদের আরও অন্তত দুই বছর অপেক্ষা করতে হতে পারে।