নিউ জার্সির স্টেটের আটলান্টিক সিটিতে ৫০২ উত্তর এনাপলিস এভিনিউস্থ মাঠে গত ২৬ জুলাই ,রবিবার বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।
কমিউনিটির যুব সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলার লক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বিএএসি।এই টুর্নামেন্টে নিউ ইয়র্ক , নিউ জার্সি ও পেন্সিলভেনিয়া স্টেটের বারোটি ক্রিকেট দল অংশগ্রহণ করে।

ওইদিন সকালে ক্রিকেট সংগঠক সাব্বির হোসেন ভূঁইয়া বিএএসি নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ।
ক্রিকেট টুর্নামেন্টে কর্ণারড টাইগার ক্রিকেট দল পাক কাশ্মীর ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান হিসেবে ইমতিয়াজ ও সেরা বোলার হিসেবে সালমান নির্বাচিত হয়েছেন । টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফারহান।
বিএএসির কর্মকর্তারা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ।ক্রিকেটের উন্মাদনা উপভোগ করতে বিভিন্ন কমিউনিটির লোকজন এবং ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন ।
















