১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় আবেদনে বাংলাদেশিরা ৫ম সর্বোচ্চ

গত জুন পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যে সাড়ে ছয় হাজারের বেশি বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন৷ যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ উপাত্ত নিয়ে করা বার্তা সংস্থা ডিপিএ-এর প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে৷

উক্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত ১২ মাসে বিভিন্ন দেশের এক লাখ ১১ হাজার ৮৪ জন যুক্তরাজ্যে আশ্রয় আবেদন করেছেন৷ এটি ২০০১ সাল থেকে নথিবদ্ধ হিসাবে সর্বোচ্চ৷

আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি ১১ হাজার ২৩৪ জন বা ১০ শতাংশ পাকিস্তানি৷ এছাড়া ৮২৮১ জন (৭.৫%) আফগান, ৭,৭৪৬ জন (৭%) ইরানিয়ান এবং ৭,৪৩৩ জন (৬,৭%) ইরিত্রিয়ান৷

এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা৷ চলতি বছর জুন পর্যন্ত ১২ মাসে ৬৬৪৯ জন বাংলাদেশি যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন৷ মোট আশ্রয়আবেদনের হিসেবে বাংলাদেশিদের হার ছয় শতাংশ৷

উল্লিখিত সময়ে ৯০ হাজার ৮১২ জন আশ্রয়আবেদনকারী প্রাথমিক ফলাফল জানার অপেক্ষায় ছিলেন৷ এর মধ্যে পাকিস্তানে আট হাজার ২০০ জন, সিরিয়ার রয়েছেন সাত হাজার ৩৩১ জন৷

আশ্রয় আবেদনের ফলাফল জানার অপেক্ষমান তালিকায় বাংলাদেশিরা রয়েছেন তৃতীয় অবস্থানে৷ ছয় হাজার ৮৩৮ জন বাংলাদেশি গত জুন পর্যন্ত তাদের আশ্রয় আবেদনের প্রাথমিক ফলাফল জানতে পারেননি৷ অপেক্ষমান তালিকায় থাকাদের মধ্যে এই সংখ্য সাড়ে সাত শতাংশ৷ তালিকায় বাংলাদেশের পরে রয়েছেন আফগান (৬৭৮৪ জন) ও ভারতীয়রা (৫০৭৩ জন)৷

যুক্তরাজ্যের সরকার সম্প্রতি অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে৷ ‘অবৈধ অভিবাসী ও অপরাধীদের’ ফেরত নিতে সহায়তা না করলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহে কয়েকটি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছে৷ আশ্রয়প্রার্থীর হার বেশি এমন দেশগুলোর নাগরিকদের বৈধপথে ভ্রমণের ক্ষেত্রে ভিসা প্রদানে কঠোরতা আরোপ করা হতে পারে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে৷

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ উপাত্ত অনুযায়ী, দেশটিতে অভিবাসনের জন্য চলতি বছরের জুন পর্যন্ত ১২ মাসে বিভিন্ন দেশের নাগরিকদের মোট আট লাখ ৩৪ হাজার ৯৭৭ টি ভিসা ইস্যু করা হয়েছে৷ কর্মসংস্থান, পড়াশোনা, পারিবারিক পুনর্মিলন বা মানবিক কারণে এসব ভিসা ইস্যু করা হয়েছে৷

সবচেয়ে বেশি ভিসা পেয়েছেন ভারতের নাগরিকেরা, যার সংখ্যা এক লাখ ৬৫ হাজার ৯৭০টি৷ ইস্যু করা মোট ভিসার প্রায় ২০ শতাংশ বা প্রতি পাঁচটি ভিসার একটি পেয়েছেন তারা৷

এরপরের অবস্থানে রয়েছে চীন৷ দেশটির নাগরিকদের এক লাখ ১৪ হাজার ১৭৮টি ভিসা প্রদান করা হয়েছে৷ মোট ভিসার হারে এটি ১৩ দশমিক সাত শতাংশ৷ যুক্তরাজ্যের ভিসা পাওয়ার ক্ষেত্রে পরবর্তী অবস্থানে আছে পাকিস্তান (৬৯,৫৮০ বা ৮.৩%), নাইজেরিয়া (৪৫,৯৬৬ বা ৫.৫%) এবং যুক্তরাষ্ট্র (৩০,৮৯৮ বা ৩.৭% )৷