জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া টেকসই ও মসৃণ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র অধিকতর সহায়তা কামনা করেছে বাংলাদেশ। গত ১০ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের বার্ষিক অধিবেশনে বক্তব্য প্রদানকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান। তিনি বলেন, চলতি বছরের জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এ প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউএনডিপির ‘ব্যালট (BALLOT) প্রকল্প’-এর অবদান গুরুত্বপূর্ণ ছিল।
রাষ্ট্রদূত নোমান চৌধুরী নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার-সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে সামঞ্জস্য রেখে ইউএনডিপির সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে তিনি গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-সহ বিভিন্ন আন্তর্জাতিক তহবিলে প্রবেশাধিকার বৃদ্ধিতে ইউএনডিপির কারিগরি সহায়তা সম্প্রসারণের আহ্বান জানান।প্রেস বিজ্ঞপ্তি অনুসারে














