১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

প্রবীণ নেতা তোফায়েল আহমেদ-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা : যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের তীব্র নিন্দা

প্রবীণ নেতা তোফায়েল আহমেদ-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা : যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের তীব্র নিন্দা Screenshot

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে প্রবীণ রাজনৈতিক নেতা তোফায়েল আহমেদ-এর বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানার ঘটনায়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের অবিসংবাদিত ছাত্রনেতা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঘনিষ্ঠ সহচর ও তাঁর রাজনৈতিক সচিব এবং একজন সাবেক মন্ত্রী হিসেবে তোফায়েল আহমেদের অবদান বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে তারেক রহমান-এর নেতৃত্বাধীন বর্তমান রাজনৈতিক প্রবণতা এমন একটি পথ অনুসরণ করছে, যা অতীতে স্বাধীনতা বিরোধী শক্তির মতোই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও গৌরবকে মুছে ফেলার অপচেষ্টা হিসেবে প্রতীয়মান হচ্ছে।

তোফায়েল আহমেদ-এর মতো একজন ঐতিহাসিক ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, এটি মহান মুক্তিযুদ্ধের চেতনাকেই আঘাত করার শামিল। এই ধরনের পদক্ষেপ জাতির ইতিহাস বিকৃত করার অপচেষ্টা এবং শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করে।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ দেশ-বিদেশের সকল গণতান্ত্রিক শক্তি, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে, এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, তোফায়েল আহমেদ-এর বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা অবিলম্বে প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনার প্রতি শ্রদ্ধা জানানোর জোর দাবি জানাচ্ছে।