২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

স্মার্টফোন কি বইয়ের জায়গা দখল করছে, বই পড়ায় বাংলাদেশিদের অবস্থান কোথায়

স্মার্টফোন কি বইয়ের জায়গা দখল করছে, বই পড়ায় বাংলাদেশিদের অবস্থান কোথায়

একসময় পাঠ্যবইয়ের নিচে লুকিয়ে গল্পের বই পড়ার অভ্যাস ছিল অনেকের। স্কুলের পড়ার ফাঁকে কিংবা বড়দের চোখ এড়িয়ে গল্প, উপন্যাসে ডুবে থাকতেন শিশু-কিশোররা। কিন্তু সময় বদলেছে। অবসর কাটানোর জায়গা দখল করেছে স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল বিনোদন। ফলে পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার অভ্যাসও ক্রমে সংকুচিত হচ্ছে।

আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানেও বাংলাদেশের বই পড়ার দুর্বল চিত্র উঠে এসেছে। ২০২৪ সালে সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের ১০২ দেশের ওপর করা এক জরিপে বই পড়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। জরিপের তথ্য অনুযায়ী, একজন বাংলাদেশি বছরে গড়ে ২ দশমিক ৭৫টি বই পড়েন এবং এ কাজে সময় দেন মাত্র ৬২ ঘণ্টা। বিপরীতে ভারতে একজন মানুষ বছরে গড়ে ১৬টি বই পড়েন, সময় দেন ৩৫২ ঘণ্টা। যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম, বছরে গড়ে ১৭টি বই পড়েন দেশটির নাগরিকেরা।

তবে এই আন্তর্জাতিক তালিকাকে বাংলাদেশের মানুষের বই পড়ার অভ্যাসের চূড়ান্ত জাতীয় চিত্র হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি জরিপভিত্তিক তুলনা।

বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার্থীদের ওপর পরিচালিত একটি গবেষণাতেও উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত গবেষণায় তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি দাখিল মাদ্রাসার ৬৯১ শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ৮৭ শতাংশ শিক্ষার্থী অবসরে বই পড়াকে গুরুত্বপূর্ণ মনে করলেও বাস্তবে পাঠ্যবইয়ের বাইরে বই পড়েন মাত্র ৩৮ শতাংশ।

স্মার্টফোন কি এ অবস্থার জন্য দায়ী? শহীদ বাকী স্মৃতি পাঠাগারের ১ হাজার ৫ জনের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৫ বছর বয়সীদের ৫৪ দশমিক ৩ শতাংশের বই পড়ায় মনোযোগ ব্যাহত হয় স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের কারণে। ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রেও এই হার ৫৩ শতাংশ।

তবে বিশেষজ্ঞরা বলছেন, বই পড়ার সংস্কৃতি দুর্বল হওয়ার শুরু স্মার্টফোনের আবির্ভাবেরও আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, সামাজিক ও সাংস্কৃতিক চর্চার ঘাটতিও এর বড় কারণ। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবইয়ের বাইরের পড়াশোনাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয় না।

বাতিঘরের প্রতিষ্ঠাতা দীপঙ্কর দাসও মনে করেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগার থেকেই পাঠক তৈরি হয়। কিন্তু বাংলাদেশে এই তিন ক্ষেত্রেই বই পড়ার উপযোগী পরিবেশের ঘাটতি রয়েছে।

তবে প্রযুক্তিকে একমাত্র প্রতিপক্ষ ভাবতে নারাজ তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম নতুন বইয়ের খবর পাঠকের কাছে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি করেছে। পাশাপাশি ই-বুক, পিডিএফ ও অডিওবুকের মাধ্যমে বই পড়া ও শোনার নতুন পথও তৈরি হয়েছে।

দীপঙ্কর দাসের মতে, ডিজিটাল বিনোদনের বিস্তার সত্ত্বেও মুদ্রিত বইয়ের চাহিদা এখনো রয়েছে। অর্থাৎ স্মার্টফোন বইয়ের জায়গা পুরোপুরি দখল করেনি। বরং প্রশ্ন হচ্ছে, প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার মতো পারিবারিক, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ও সামাজিক উদ্যোগ আমরা কতটা নিতে পারছি।