যুক্তরাষ্ট্রের একটি আদালত উবারকে ৮৫ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে। এক নারী অভিযোগ করেছিলেন যে উবার চালকের গাড়িতে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। অ্যারিজোনায় অনুষ্ঠিত ফেডারেল আদালতে এই রায় ঘোষণা করা হয়। এই রায় উবারের বিরুদ্ধে হাজার হাজার মামলার ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুই দিনের শুনানির পর জুরি বোর্ড উবারকে চালকের আচরণের জন্য দায়ী সাব্যস্ত করে। তবে উবার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
জুরি বোর্ড মামলার অন্যান্য অভিযোগ, যেমন উবার অবহেলা করেছে বা তাদের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল—তা খারিজ করে দিয়েছে।
মামলার বাদী জেলিন ডিন অভিযোগ করেন, ২০২৩ সালে একটি হোটেলে যাওয়ার পথে উবার গাড়িতে তিনি যৌন নির্যাতনের শিকার হন। তিনি দাবি করেন, উবার তাদের চালকদের দ্বারা সংঘটিত যৌন হয়রানির ঘটনা সম্পর্কে জানত, কিন্তু নিরাপত্তা উন্নয়নে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
জুরি বোর্ড ‘অ্যাপারেন্ট এজেন্সি ডকট্রিন’-এর আওতায় কোম্পানিকে দায়ী করেছে। এর মানে হলো, চালক কোম্পানির হয়ে কাজ করার সময় তার অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ভার উবারের ওপরও বর্তায়। এর ভিত্তিতে ৮৫ লাখ ডলার ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়। তবে ১৪ কোটি ৪০ লাখ ডলারের শাস্তিমূলক জরিমানার দাবি জুরি বোর্ড গ্রহণ করেনি।
বাদীপক্ষের আইনজীবী সারা লন্ডন বলেন, এই রায় হাজার হাজার ভুক্তভোগীর সাহসিকতাকে স্বীকৃতি দিয়েছে। তিনি আরও বলেন, ন্যায়বিচার শেষ পর্যন্ত নির্ভর করবে চলমান মামলাগুলোর ফলাফল এবং ভবিষ্যতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সংস্কারের ওপর।
উবারের বিরুদ্ধে প্রায় ২ হাজার ৫০০টি ফেডারেল মামলা রয়েছে। ডিনের মামলাটি ২০টি ‘বেলওয়েদার’ বা পরীক্ষামূলক মামলার মধ্যে অন্যতম ছিল, যা পরবর্তী মামলাগুলোর জন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। ডিনের আরেক আইনজীবী আলেকজান্দ্রা ওয়ালশ আদালতে বলেন, রাতের বেলায় একা ভ্রমণকারী নারীদের জন্য উবার নিজেকে নিরাপদ পরিবহন হিসেবে প্রচার করেছিল।
তিনি বলেন, ‘নারীরা জানে পৃথিবীটা কতটা বিপজ্জনক। আমরা যৌন নিপীড়নের ঝুঁকি সম্পর্কে সচেতন। কিন্তু তারা আমাদের বিশ্বাস করিয়েছে যে, এটি এমন একটি জায়গা যেখানে এসব ঝুঁকি থেকে নিরাপদ থাকা যাবে।’
তবে উবার যুক্তি দিয়েছিল যে, তাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারী চালকদের অপরাধমূলক কাজের জন্য কোম্পানিকে দায়ী করা উচিত নয়, কারণ তারা স্বাধীন ঠিকাদার এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। উবারের এক মুখপাত্র বলেন, জুরি উবারের অবহেলা বা নিরাপত্তা ত্রুটির অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং শাস্তিমূলক জরিমানা আরোপ করেনি। এটি প্রমাণ করে যে উবার দায়িত্বশীল আচরণ করেছে এবং যাত্রীদের নিরাপত্তায় বিনিয়োগ করেছে।