১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

আমরা ’২৪ কে যেমন সম্মান করব, তেমনি ’৭১ কেও সম্মান জানাব বললেন জামায়াত আমির

আমরা ’২৪ কে যেমন সম্মান করব, তেমনি ’৭১ কেও সম্মান জানাব বললেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘২৪ শুধু এখন ইতিহাসের অংশ নয়, আমাদের কলিজার অংশ। আমরা ‘২৪ কে যেমন সম্মান করব, তেমনি ‘৭১ কেও সম্মান জানাব।’ মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, ৫৪ বছর ধরে জাতির ভাগ্য চোরাবালিতে আটকে ছিল। অভ্যুত্থানের মাধ্যমে যে ঐক্য তৈরি হয়েছে, তা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে অন্তর্ভুক্ত করে জাতিকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলা হবে। অনেকেই ফ্যাসিবাদের সঙ্গে আপস করলেও জামায়াত কখনো আপস করেনি জানিয়ে জামায়াত আমির বলেন, ‘ভবিষ্যতেও কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচনে জয়ী হলে, যারা আমাদের সঙ্গে সরকারে আসবে তাদের প্রতিজ্ঞা করতে হবে, তারা দুর্নীতি করবেন না, করতে দেবেন না। বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করবেন না। জুলাই সনদ বাস্তবায়ন করবে। তাদের জন্য জামায়াতের দরজা খোলা থাকবে।’

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধে মানুষ প্রাণ দিয়েছেন, তা এখনো পূরণ হয়নি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেও দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি।

তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি। তাহলে সরকারের কাজটা কী? এ ঘটনার জন্য ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বলেন, গত ৫৪ বছরেও সত্যিকারের স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি এদেশের মানুষ। শাসকদের কারণে বারবার জাতি হিসেবে আমরা বিভক্ত হয়েছি। অভ্যুত্থানের মাধ্যমে আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তা ধরে রাখতে ব্যার্থ হওয়ার কারণে হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে।