মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের পরিকল্পনা অনুমোদন দিয়েছে এফসিসি – যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ন্ত্রক সংস্থা। গতবুধবার (২৫ নভেম্বর) ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) প্রতিষ্ঠানটির ১ মিলিয়ন স্যাটেলাইট স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেয়। এসব উপগ্রহ কক্ষপথে থেকেই তথ্য প্রক্রিয়াকরণের কাজ করবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের অনুমোদন এটাই প্রথম।
ফেডারেল কমিউনিকেশন কমিশন বা এফসিসি এক বিবৃতিতে জানায়, স্পেসএক্সের তৈরি ‘স্টারমাইন্ড’ নামের এসব উপগ্রহ বা কম্পিউট মডিউল তথ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত হবে। সংস্থাটি বলেছে, এই অনুমোদন মানবজাতিকে ‘কার্দাশেভ টাইপ-২ সভ্যতার’ আরও কাছে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। এ ধরনের সভ্যতা সূর্যের পূর্ণ শক্তি ব্যবহার করতে সক্ষম।
এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বকে সুপার ইন্টেলিজেন্সের যুগে নেতৃত্ব দিচ্ছে।’ পরিকল্পনাটির সমর্থকদের যুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের দ্রুত সম্প্রসারণের সঙ্গে তাল মেলাতে মহাকাশে ডেটা সেন্টার স্থাপন জরুরি। কারণ, পৃথিবীতে এসব কেন্দ্র পরিচালনায় বিদ্যুৎ ও পানির চাহিদা এবং অবকাঠামোগত ব্যয় অনেক বেশি।
এফসিসির কাছে জমা দেওয়া আবেদনে স্পেসএক্স বলেছে, প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি সরাসরি ব্যবহার করে এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ কমিয়ে এসব উপগ্রহ ব্যয় ও জ্বালানি ব্যবহারে বড় ধরনের দক্ষতা আনবে। পাশাপাশি পৃথিবীতে স্থাপিত ডেটা সেন্টারের কারণে পরিবেশের ওপর যে প্রভাব পড়ে, তা উল্লেখযোগ্যভাবে কমবে।
তবে সমালোচকেরা বলছেন, মহাকাশে এ ধরনের ডেটা সেন্টার স্থাপনের প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে বাস্তবে এসব কেন্দ্র স্থাপন করতে আরও অনেক সময় লাগবে।
যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীতে এসব কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমাতে পারে। তবে এগুলো বাস্তবায়নে প্রকৌশলগত ও অর্থনৈতিক বাধা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেটা সেন্টারে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। কিন্তু মহাকাশে কম্পিউটিং যন্ত্রপাতি কার্যকরভাবে ঠান্ডা রাখা কঠিন। এটি বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এছাড়া কক্ষপথে উপগ্রহের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে সেগুলোর নিয়ন্ত্রণ কঠিন হবে এবং সংঘর্ষের ঝুঁকিও তৈরি হতে পারে।
এফসিসি জানিয়েছে, অনুমোদিত লাইসেন্স অনুযায়ী স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে উপগ্রহ স্থাপনের কাজ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সর্বোচ্চ সংখ্যার অন্তত ১০ শতাংশ, অর্থাৎ ১ লাখ উপগ্রহ স্থাপন করতে হবে। আর ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে স্থাপন করতে হবে ৫০ শতাংশ।
তবে স্পেসএক্স শেষ পর্যন্ত ১ মিলিয়ন উপগ্রহই মহাকাশে পাঠাবে কি না, তা স্পষ্ট নয়। বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৭ হাজার উপগ্রহ রয়েছে। নকশা ও পরিকল্পনায় নমনীয়তা রাখার জন্য উপগ্রহ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অনেক সময় বাস্তবে যতগুলো পাঠানোর পরিকল্পনা থাকে, তার চেয়ে বেশি উপগ্রহের অনুমোদন চায়।
স্টারলিংক নেটওয়ার্ক চালুর আগে স্পেসএক্স ৪২ হাজার উপগ্রহ স্থাপনের অনুমোদন চেয়েছিল। বর্তমানে এ নেটওয়ার্কে মহাকাশে থাকা উপগ্রহের সংখ্যা ১১ হাজারের কিছু বেশি। স্পেসএক্সের নতুন পরিকল্পনা অনেকটাই নির্ভর করছে প্রতিষ্ঠানটির পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট ‘স্টারশিপ’-এর ব্যয় কমার ওপর। রকেটটি এখনো উন্নয়নাধীন। উপগ্রহগুলো মহাকাশে পাঠাতে এটি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সংবাদসুত্র দ্য গার্ডিয়ান










