২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় “ ওয়ার্ক পারমিট” থাকা দুই যাত্রীকে আটক করেছে ICE

সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় “ ওয়ার্ক পারমিট” থাকা দুই যাত্রীকে আটক করেছে ICE

ওয়াশিংটন স্টেটের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় দুই যাত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) বা অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা – আইসিই। গত শনিবারের (২১ নভেম্বর) এ অভিযানে অন্তত একজন নারীকে মাটিতে ফেলে নিয়ন্ত্রণে নেওয়ার দৃশ্য ভিডিওতে ধরা পড়েছে। ফলে লস অ্যাঞ্জেলেসগামী আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। আইসিইর অভিযানের ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াশিংটন স্টেটের গভর্নরসহ অন্যান্য কর্মকর্তারা।

সিয়াটল বিমানবন্দরের জেট ব্রিজে ধারণ করা ভিডিওতে দেখা যায়, মুখ ঢাকা ও সাধারণ পোশাক পরা কয়েকজন কর্মকর্তা এক নারীকে আটক করতে গিয়ে ধস্তাধস্তি করছেন। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ সময় ওই নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, তাঁর যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) রয়েছে। আশপাশে থাকা যাত্রীরা তাঁদের লাগেজ হাতে নিয়ে ঘটনাটি দেখছিলেন।

২১ নভেম্বর শনিবার সকাল ৮টা ১০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল আলাস্কা এয়ারলাইনসের ১৩০৬ নম্বর ফ্লাইটটির। আটকের ঘটনায় উড়োজাহাজটির যাত্রা বিলম্বিত হয়।

উক্ত অভিযান সম্পর্কে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে আলাস্কা এয়ারলাইনস। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইনস বলেছে, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মী ও যাত্রীদের জন্য তারা উদ্বিগ্ন। কী ঘটেছে এবং যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে সিয়াটল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও সরাসরি উদ্বেগের বিষয়টি জানানো হয়েছে।

সিয়াটল বিমানবন্দর কর্তৃপক্ষও আটক হওয়া পরিবার ও সহযাত্রীদের জন্য ঘটনাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। কী ঘটেছিল, তা জানতে ফেডারেল সরকারের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে সিয়াটল বিমানবন্দর কর্তৃপক্ষ।

আইসিইর ভাষ্য অনুযায়ী, অভিযানের মূল লক্ষ্য ছিলেন মেক্সিকোর নাগরিক রিকার্ডো লারোন্দো মেন্দোজা। তাঁর বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থানের অভিযোগ রয়েছে।

আটক হওয়া আরেক যাত্রী সোফিয়া হার্নান্দেজ মেহিয়ার বিরুদ্ধে কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারার অভিযোগ করেছে আইসিই। সংস্থাটির দাবি, তিনিও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাঁর বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তাকে আক্রমণের অভিযোগে মামলা হতে পারে।

ঘটনার ভিডিওতে কর্মকর্তাদের সঙ্গে মাটিতে থাকা এক ব্যক্তির ধস্তাধস্তি করতে দেখা যায়। তাঁদের কয়েক ফুট দূরেই দাঁড়িয়ে ছিলেন অন্য যাত্রীরা। তবে আইসিই-র এই অভিযানের কড়া সমালোচনা করেছেন ওয়াশিংটন স্টেটের গভর্নর বব ফার্গুসন। আইসিইর কৌশলকে তিনি ‘গভীরভাবে আমেরিকাবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন এবং সংস্থাটি বিলুপ্ত করার আহ্বানও জানিয়েছেন।