যুক্তরাষ্ট্রে ভিসা কিংবা দেশটিতে অবস্থানের অনুমোদিত সময়সীমা শেষ হওয়ার পরও অবস্থান করলে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য নির্ধারিত অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।
দূতাবাসের বার্তায় ভিসাধারীদের অনুমোদিত সময়সীমার বিষয়ে সতর্ক থাকার এবং নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানের ক্ষেত্রে ভিসা ও অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়েও সতর্ক করেছে দূতাবাস।










