টেক্সাসের ডালাসের বুকে বাংলা সংস্কৃতির এক বহুমাত্রিক অনুষ্ঠান ‘ডালাস বাংলা উৎসব-৫’ অনুষ্ঠিত হলো গত শনিবার ১৪ নভেম্বর, লুইসভিল গ্র্যান্ড থিয়েটার এ। বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানমালার মধ্যে অন্যতম ছিলো বই মেলা ও সাহিত্য আড্ডা।

অনুষ্ঠানস্থলের লবিতে ঢুকতেই সবার নজর কেড়েছে এক অনন্য দৃশ্যপট, যার একদিকে ঢাকার বাংলাবাজারের বইয়ের দোকান, আর অন্যদিকে নিউইয়র্ক শহরের ব্রুকলিনের এক Bookstore।

এ প্রজন্মের প্রবাসীদের জীবনের দুটি অংশের এক চমৎকার মেলবন্ধন- একদিকে প্রিয় জন্মভূমি, অন্যদিকে নিত্যদিনের ভুবন। এ দু’জগতের এ সুন্দর দৃশ্যপটের শিল্পী আর কেউ নন- স্বয়ং ‘ডালাস বাংলা উৎসব’ এর স্বপ্নদ্রষ্টা, এক সময়ের নিউ ইয়র্ক সিটির বাসিন্দা কেন (Ken) কাদের ভাই। তিনি তাঁর কল্পনা, প্রজ্ঞা ও গ্রাফিকস এর দক্ষতায় একাই ডিজাইন করেন ঢাকা-ব্রুকলিনের এ চমৎকার যুগল দৃশ্যপট।

বিকেল ৩টায় শুরু হলো বইমেলা। এরপরের অংশ সাহিত্য আলোচনা ও আড্ডা শুরু হলো ৪টায়। বৃহত্তর ডালাসের বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও দক্ষ উপস্থাপক মারুনা রাহী শুরু করলেন সাহিত্য আলোচনা ও আড্ডা তাঁর সুললিত আবৃত্তি

…. আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে — এই বাংলায়
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে ….দিয়ে। অনুষ্ঠানে নেমে এলো এক কাব্যিক আবহ! মারুনা রাহীর নিখুত পরিকল্পনা ও মননশীল সঞ্চালনায় খুবই প্রাণবন্ত আলোচনা ও উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বইমেলা ও সাহিত্য আড্ডা।

সাহিত্য আলোচনায় অংশ নিলেন ডালাসের শিল্পী-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ। একে একে আলোচনায় অংশ নিলেন চৌধুরী সালাহউদ্দীন মাহমুদ, মোহাম্মদ কবির, আবদুর রব, জাহিদ রেজা, সাঈদা আনোয়ার ডিভা, মিশিগান এর ইশতিয়াক রুপু, লোপামুদ্রা ব্যানার্জি, কানিজ মওলা, নজরুল ভূঁইয়া, ও ফরহাদ হোসেন।

কবিতা আবৃত্তি করেন শাহীন সাদাত, লোপামুদ্রা ব্যানার্জি ও ইশতিয়াক রুপু। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবহ এক পরিবেশনা। তাঁর প্রয়াত মাতা শ্রদ্ধেয়া বেগম নুরজাহান কাদের এর স্মৃতিচারণ করলেন কেন কাদের।

বললেন, মুক্তিযুদ্ধের সেই দুঃসহ সময়ে তাঁর মাতা নিজের হাতে সেলাই করেন বাংলাদেশের পতাকা, যা ১৬ ই ডিসেম্বর ১৯৭১ সালে দেশের মুক্তির দিন তাঁদের বাসার ছাদে উত্তোলন করেন ও তাঁর ভাইয়ের সাথে মিলে পতাকাটিকে স্যালুট করেন কেন কাদের ।

পতাকাটি তিনি সেদিনের অনুষ্ঠানে প্রদর্শন করলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্ঠি হয়। এরপর বড় হলঘরে চলে সাংস্কৃতিক পরিবেশনা। – চৌধুরী সালাহউদ্দীন মাহমুদ











