১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

১১ ডেমোক্র্যাট সদস্যের অনুপস্থিতির জেরেই ট্রাম্পের প্রতিরক্ষা সচিব হেগসেথ আপাতত ইমপিচমেন্ট এড়ালেন!

১১ ডেমোক্র্যাট সদস্যের অনুপস্থিতির জেরেই ট্রাম্পের প্রতিরক্ষা সচিব হেগসেথ আপাতত ইমপিচমেন্ট এড়ালেন!

যুক্তরাষ্ট্রে বিরোধী ডেমোক্র্যাট শিবিরে অন্তর্বিরোধের আঁচ? তাৎপর্যপূর্ণ ভাবে অনুপস্থিত ডেমোক্র্যাট সদস্যদের তালিকায় প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসি এবং জুলিয়া ব্রাউনলি, লু কোরেয়া, স্টিভেন হর্সফোর্ড, ফ্রেডেরিকা উইলসনের মতো প্রথম সারির নেতারা রয়েছেন। ফলে তৈরি হয়েছে অন্তর্বিরোধের জল্পনা।

কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসে গত বুধবার (১১ নভেম্বর) ভোটাভুটিতে খারিজ হয়ে গেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিরক্ষাসচিব (ট্রাম্প জমানায় যে পদের নাম বদলে হয়েছে ‘যুদ্ধসচিব’) পিট হেগসেথের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট (বরখাস্ত) প্রস্তাব। ভোটাভুটির এই ফলাফল আমেরিকার প্রধান বিরোধী দলের অন্দরের ভাঙনের ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

কারণ, তাৎপর্যপূর্ণ ভাবে ভোটাভুটিতে গরহাজির ছিলেন ১১ জন ডেমোক্র্যাট সদস্য। হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসে ২১১-২০৪ ভোটের ব্যবধানে প্রতিরক্ষাসচিব (যুদ্ধসচিব) পিট হেগসেথের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাবটি আপাতত আটকে গিয়েছে। সরাসরি ভোটাভুটির বদলে প্রস্তাবটিকে বিচারবিভাগীয় (জুডিশিয়ারি) কমিটিতে পাঠিয়ে দেওয়ার পক্ষে ভোট দেন সংখ্যাগরিষ্ঠ সদস্যেরা। ফলে বর্তমান কংগ্রেসে এই প্রক্রিয়া কার্যত ভেস্তে গেল। রিপাবলিকান পার্টির বিদায়ী কংগ্রেস সদস্য থমাস ম্যাসি নিজেই হেগসেথের বিরুদ্ধে এই ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিলেন এবং দলের অবস্থানের বিপক্ষে গিয়ে তিনি ভোট দেন। তবে বাকি রিপাবলিকান সদস্যরা একজোট হয়ে হেগসেথের পক্ষে ভোট দিয়েছেন।

১১ জন ডেমোক্র্যাট সদস্য অনুপস্থিত থাকায় প্রস্তাবটি জুডিশিয়ারি কমিটির বদলে সরাসরি মূল ভোটাভুটিতে যাওয়ার সম্ভাবনা ছিল। কারণ, বুধবার মাত্র ৭ ভোটের ব্যবধানে ইমপিচমেন্ট এড়িয়েছেন হেগসেথ। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে ডেমোক্র্যাট শিবিরের অন্দরে। প্রসঙ্গত, মধ্যবর্তী নির্বাচনে সদ্যনির্বাচিত হাউস সদস্যরা এই ভোটাভুটিতে অংশ নেননি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, তাঁরা আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি ১২০তম হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসে শপথ নেওয়ার পর আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করবেন। বিদায়ী হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসে (১১৯তম) রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ৪৩৫ সদস্যের হাউসে তাদের রয়েছে ২১৮ জন। ডেমোক্র্যাটদের ২১৪। বাকি আসন খালি। গত ৩ নভেম্বরের নির্বাচনে ইতিমধ্যেই ডেমোক্র্যাটরা ২৫২টিতে জিতেছে। রিপাবলিকানদের ঝুলিতে ১৬১। ২২টি আসনে পুনর্গণনা চলছে।

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব নিয়ে ভোটের পরেই ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সিডনি কামলাগার-ডোভ অনুপস্থিত সহকর্মীদের নিশানা করেন। তিনি বলেন, ‘‘ভোটাভুটির বিষয়টি আগে থেকেই জানা ছিল। তাই আমাদের সদস্যদের উপস্থিতির অভাবে এমন গুরুত্বপূর্ণ ভোটে হেরে যাওয়ার কোনও যুক্তি নেই।’’ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসে ডেমোক্র্যাটিক পার্টির নেতা হাকিম জেফ্রিস (যিনি আগামী জানুয়ারিতে হাউসের স্পিকার হতে যাচ্ছেন) দলীয় সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে যথেষ্ট তৎপরতা দেখাননি বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। রাজনৈতিক বিশ্লেষক ক্রিস্টাল বল বলেন, ‘‘এই ঘটনা জেফ্রিসের বড় ব্যর্থতা।’’ ভোটাভুটির সময় ডেমোক্র্যাট হাউস মেম্বারদের উপস্থিতি নিশ্চিত করতে কেন জেফ্রিস হুইপ জারি করেননি, সে প্রশ্নও তুলেছেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে অনুপস্থিত ডেমোক্র্যাট সদস্যদের তালিকায় প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসি এবং জুলিয়া ব্রাউনলি, লু কোরেয়া, স্টিভেন হর্সফোর্ড, ফ্রেডেরিকা উইলসনের মতো প্রথম সারির নেতারা রয়েছেন। অন্য দিকে, ভোটাভুটি পর্বে গরহাজির ছিলেন রিপাবলিকান পার্টির ৭ জন হাউস সদস্যও।

পেন্টাগনের প্রধান হেগসেথ আগেই তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রচেষ্টাকে ‘প্রহসন’ বলে উল্লেখ করেছিলেন। ভোটাভুটির পর হেগসেথের স্বস্তি পাওয়ায় ডেমোক্র্যাটদের আক্রমণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই প্রচেষ্টাকে ডেমোক্র্যাটদের ‘শোচনীয় ব্যর্থতা’ বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে পিট হেগসেথের পাশে দাঁড়ানোর জন্য রিপাবলিকান সদস্যদের প্রশংসাও করেন তিনি। হেগসেথকে ‘দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। ভেনেজ়ুয়েলা এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ‘জয়ের’ কৃতিত্ব হেগসেথকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পাশাপাশি, আমেরিকাকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে। রিপাবলিকানেরা ইমপিচমেন্টের আটটি ধারাই হাউসের বিচারবিভাগ কমিটিতে পাঠানোর জন্য পদ্ধতিগত প্রস্তাবে সায় দিয়েছেন। প্রসঙ্গত, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের নেপথ্যে ইরান যুদ্ধের যে ভূমিকা ছিল, তা মেনে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যদিও দুই নেতার সুর ছিল ভিন্ন। ট্রাম্প যেখানে নিজের যুদ্ধনীতির যৌক্তিকতা বোঝাতে ব্যস্ত, সেখানে এই নীতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন ভান্স। প্রকাশ্যে ভান্স প্রশ্ন তোলেন, ইরানের যুদ্ধ আদৌ সার্থক ছিল কি না! রিপাবলিকান নেতৃত্বের একাংশ ট্রাম্প-ঘনিষ্ঠ প্রতিরক্ষাসচিব হেগসেথের বিরুদ্ধে ইরান যুদ্ধ সম্পর্কিত ভুল তথ্য দিয়ে সরকার ও দলকে বিপথে পরিচালিত করার অভিযোগ তুলেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে রাজি করানোর নেপথ্যে হেগসেথ প্রধান ভূমিকা পালন করেছিলেন।