জার্মানির ডয়চে ব্যাংকের ফাঁস হওয়া নথিতে জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট ৫৮২ মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেনের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংক্রান্ত নথি ফাঁসের চাঞ্চল্যকর তথ্যও জানা গেছে।
লন্ডনের ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ডোনাল্ড ট্রাম্পের কর বিবরণী ‘ভুলবশত’ ফাঁস করে দিয়েছিল ডয়চে ব্যাংক। তবে হোয়াইট হাউসের কাছে বিষয়টি গোপন রাখা হয়। এই সংকট কীভাবে সামাল দেওয়া হয়েছিল, সে বিষয়ে ব্যাংকটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিশ্চিয়ান সিউইং অবগত ছিলেন।
২০১৭ সালের মার্চে তথ্য ফাঁসের ওই ঘটনাকে সিউইং অভ্যন্তরীণভাবে ‘ভয়াবহ ভুল’ হিসেবে বর্ণনা করেছিলেন। তখন তিনি ডয়চে ব্যাংকের প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। ওই সময় তার অধীনস্থ কর্মকর্তারা গ্রাহকদের কাছে ঘটনাটি প্রকাশ না করার কৌশলও নিয়েছিলেন।
ঘটনাটি ঘটে ২০১৭ সালের ৩০ মার্চ। সেদিন ডয়চে ব্যাংকের একজন রিলেশনশিপ ম্যানেজার ‘ভুলবশত’ ট্রাম্পসহ ১ হাজার ৫৮৬টি প্রাইভেট ব্যাংক হিসাবের কর বিবরণী এক গ্রাহকের অ্যাকাউন্ট্যান্টের কাছে পাঠিয়ে দেন। ওই অ্যাকাউন্ট্যান্ট বিষয়টি ব্যাংককে অবহিত করেন। তিনি ফাইলগুলো ডিলিটও করে দেন। ডয়চে ব্যাংকের ফাঁস হওয়া লক্ষাধিক নথি বিশ্লেষণ থেকে এতদিন গোপন থাকা এই ঘটনার বিস্তারিত তথ্য সামনে এসেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এবং ডের স্পিগেল, ল্য মঁদ ও পেপার ট্রেইল মিডিয়াসহ বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের দুই শতাধিক সাংবাদিকের একটি জোট নথিগুলো বিশ্লেষণ করেছে।
ট্রাম্প বরাবরই তার কর রিটার্নের তথ্য কঠোরভাবে গোপন রেখেছেন। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ প্রেসিডেন্টের বিপরীতে গিয়ে তিনি এগুলো প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। এমনকি প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) এক ঠিকাদারের মাধ্যমে তার কর রিটার্ন ফাঁস হওয়ার ঘটনায় চলতি বছরের শুরুতে তিনি নিজের সরকারের বিরুদ্ধেই অন্তত ১০ বিলিয়ন ডলারের মামলা করেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে ওই মামলায় অনুকূল সমঝোতা আদায় করায় তখন ব্যাপক কেলেঙ্কারির সৃষ্টি হয়েছিল।
এই তথ্য ফাঁসের ঘটনায় ব্যাংকের ওপর তিনি ক্ষুব্ধ কি না—এমন প্রশ্নের জবাবে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থানরত ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তাদের এটা করা উচিত হয়নি। এমনটা করা তাদের জন্য বেআইনি।’
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ডয়চে ব্যাংকের সম্পর্কের শুরু ১৯৯৮ সালে। পরবর্তী দুই দশকে ঋণখেলাপি হওয়ার ইতিহাস থাকা সত্ত্বেও ব্যাংকটি ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋণদাতায় পরিণত হয়। এমনকি ২০০৮ সালে একটি খেলাপি ঋণের ঘটনায় ট্রাম্প ব্যাংকের বিরুদ্ধে মামলা করার পরও তারা তার পাশে ছিল। ২০২১ সালে ডয়চে ব্যাংক ট্রাম্পের সঙ্গে নতুন ব্যবসা বন্ধ করার সময়ও জার্মান এই ঋণদাতার কাছে তার ৩০ কোটি ডলারের বেশি ঋণ বকেয়া ছিল।
কর রিটার্ন গোপন রাখার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প যখন তীব্র সমালোচনা ও যাচাই-বাছাইয়ের মুখে ছিলেন, ঠিক সেই সময়েই ডয়চে ব্যাংকের এই বিপর্যয় ঘটে। সিউইংয়ের নেতৃত্বে ব্যাংকটি যখন নৈতিক, আইনি ও আর্থিক নানা কেলেঙ্কারি পেছনে ফেলার চেষ্টা করছিল, তখন থেকেই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে ‘তথ্য ফাঁসের’ খবর গোপন রাখার যৌক্তিকতা কীভাবে দাঁড় করানো যায়, তা নিয়ে আলোচনা শুরু হয়।
ঘটনার পরদিন সিউইংকে পাঠানো এক ইমেইলে ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ফ্রাঙ্ক কুনকে এই তথ্য ফাঁসকে ‘বিপর্যয়, তবে বাইরে থেকে দৃশ্যমান হওয়ার আশঙ্কা সীমিত’ বলে উল্লেখ করেছেন।
তবে ব্যাংকটি যুক্তরাষ্ট্রের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ককে এই তথ্য ফাঁসের বিষয়ে জানিয়েছিল। সেখানে ব্যাংকটি যেসব প্রশ্ন তুলেছিল, তার মধ্যে রাজনৈতিক গ্রাহকদের ওপর সম্ভাব্য প্রভাব এবং গ্রাহকদের এ বিষয়ে জানানো উচিত কি না, সে বিষয়গুলো ছিল।
গ্রাহকদের না জানানোর সিদ্ধান্তের পক্ষে ডয়চে ব্যাংকের যুক্তি হলো, তথ্যের অপব্যবহারের ‘সম্ভাবনা খুবই কম’। কারণ, ওই অ্যাকাউন্ট্যান্ট তথ্যগুলো ডাউনলোড করেননি। তিনি নিজে থেকেই ঘটনাটি জানিয়েছেন এবং ফাইলগুলো ডিলিট করে দিয়েছেন।
গত ৪ এপ্রিল কুনকে সিউইংকে জানান, তিনি নিশ্চিত করতে পেরেছেন যে ঘটনাটিকে ‘ব্যক্তিগত তথ্য ফাঁস’ হিসেবে চিহ্নিত করা হবে না; বরং এটিকে তিনি ‘ডিজিটাল ইউনিট রিলিজ’ হিসেবে আখ্যায়িত করেন।
এর আগে আরেক সহকর্মীকে পাঠানো ইমেইলে কুনকে বলেছিলেন, ‘কোনো তথ্য নিরাপত্তা লঙ্ঘন হয়নি, বিষয়টি প্রতিষ্ঠিত করতে আমাদের জোটবদ্ধভাবে অবস্থান নেওয়া উচিত’ এবং ‘বাইরে—বিশেষ করে হিসাবধারীদের কাছে—এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ যেন না হয়, তা আটকে দেওয়া উচিত’।
৬ এপ্রিল সিউইং কুনকেকে জানান, তিনি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের এই সিদ্ধান্তের কথা অবহিত করেছেন যে, তথ্য ফাঁসের ঘটনাটি ‘কোনো নিয়ন্ত্রক বিধিমালা লঙ্ঘন নয়’, বরং এটি একটি ‘অল্পের জন্য রক্ষা পাওয়ার মতো ঘটনা’। তিনি বলেন, ডয়চে ব্যাংকের ব্যবসায়িক শাখা এ বিষয়ে একটি ‘হালকা ধরনের তদন্ত’ পরিচালনা করবে।
৭ এপ্রিল ডয়চে ব্যাংক ও নিয়ন্ত্রকদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কুনকে সিউইংকে জানান, ফেড বিষয়টির ওপর একটি অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া ছাড়া আর সবকিছুই ‘পরিকল্পনা অনুযায়ী’ হয়েছে। জবাবে সিউইং লেখেন, ‘খুব ভালো! অভিনন্দন।’ সিউইং আরও যোগ করেন, ঘটনাটি যদি শেষ পর্যন্ত একটি ‘আনুষ্ঠানিক তদন্তে’ গড়ায়, তবুও তা ‘ঠিক আছে’। তিনি আরও বলেন, ‘যা ঘটেছে, তা একটি ভয়াবহ ভুল।’
এ বিষয়ে ডয়চে ব্যাংকের একজন মুখপাত্র বলেন, ‘সম্ভাব্য, সাবেক বা বর্তমান গ্রাহকদের সম্পর্কের বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। সাধারণভাবে, যুক্তরাষ্ট্রের তদারকি কর্তৃপক্ষের সঙ্গে ব্যাংকের আলোচনা এবং সন্দেহজনক কার্যক্রমের প্রতিবেদন—সেগুলোর অস্তিত্ব থাকুক বা না থাকুক—এসব বিষয়ে মন্তব্য করা ব্যাংকগুলোর জন্য আইনত নিষিদ্ধ।’
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি কুনকে। নিউইয়র্ক ফেডও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আর ভুলবশত নথিগুলো পাওয়া ওই অ্যাকাউন্ট্যান্ট জানিয়েছেন, ঘটনাটি তার মনে নেই। – সংবাদ সুত্র ফিনান্সিয়াল টাইমস (এফটি)










