৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

নিউ ইয়র্ক সিটির ৫ মিলিয়ন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল দ্বিতীয় বাড়ির ওপর অতিরিক্ত কর আরোপের আইনি বাধা আপাতত কাটলো

নিউ ইয়র্ক সিটির ৫ মিলিয়ন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল দ্বিতীয় বাড়ির ওপর অতিরিক্ত কর আরোপের আইনি বাধা আপাতত কাটলো

নিউ ইয়র্ক সিটিতে ৫০ লাখ ডলারের বেশি মূল্যের বিলাসবহুল দ্বিতীয় বাড়ির ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা বাস্তবায়নের পথে আইনি বাধা আপাতত কাটিয়ে উঠেছেন মেয়র জোহরান মামদানি। বুধবার ব্রুকলিনের একটি আপিল আদালতের বিচারক প্যানেল নগর প্রশাসনকে এ কর আদায়ের প্রস্তুতি পুনরায় শুরুর সুযোগ দিয়েছেন।

‘পিয়েদ-আ-তের’ নামে পরিচিত এ কর মামদানির জীবনযাত্রার ব্যয় কমানোর কর্মসূচির অন্যতম অংশ। নিউ ইয়র্ক সিটির ধনী বাসিন্দাদের কাছ থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের মাধ্যমে নিউইয়র্ক সিটি বাজেট ঘাটতি কমানো এ উদ্যোগের লক্ষ্য।

এর আগে স্ট্যাটেন আইল্যান্ডের একটি আদালত সম্পত্তির মালিকদের পক্ষে রায় দিয়ে কর বাস্তবায়নের প্রক্রিয়া স্থগিত করেছিল। সিটি প্রশাসন কর কার্যকরের প্রস্তুতি যথাযথভাবে পরিচালনা করেনি বলে অভিযোগ করেছিলেন মামলাকারীরা। ফলে কয়েক সপ্তাহ ধরে এ কর পরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

গত ৪ নভেম্বর বুধবার আপিল আদালত নিম্ন আদালতের ওই সিদ্ধান্ত বাতিল করে। বিচারক প্যানেল জানায়, মামলাকারীরা আইনি পদক্ষেপ নেওয়ার মতো ক্ষতির প্রমাণ দেখাতে পারেননি। অর্থাৎ, নগর প্রশাসনের পদক্ষেপে তাঁদের কী ধরনের ক্ষতি হয়েছে, তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন সম্পত্তির মালিকেরা।

রায়ের পর এক বিবৃতিতে নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি বলেন, ‘অতি ধনীরা নিজেদের ন্যায্য অংশের কর এড়ানোর চেষ্টা করেছিলেন। আপিল আদালত তাঁদের সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করে সিটি প্রশাসনের পক্ষে রায় দিয়েছেন।’

তিনি আরও বলেন, শুরু থেকেই যাঁদের সম্পদ সবচেয়ে বেশি, তাঁরা শহরের উন্নয়নে আরও বেশি অবদান রাখা এড়াতে সম্ভাব্য সব আইনি পথ ব্যবহারের চেষ্টা করছেন। প্রস্তাবিত কর অনুযায়ী, নিউইয়র্ক সিটি যেসব বাড়ি মালিকের প্রধান আবাসস্থল নয় এবং যেগুলোর মূল্য ৫ মিলিয়ন ডলারের বেশি, সেগুলোর ওপর অতিরিক্ত কর বা সারচার্জ আরোপ করা হবে। এ ছাড়া ১ মিলিয়ন ডলার বা তার বেশি মূল্যের কো-অপ অ্যাপার্টমেন্টও এ করের আওতায় পড়বে।

তবে বাড়িটি ভাড়া দেওয়া থাকলে অথবা মালিকের কোনো আত্মীয় বছরের অধিকাংশ সময় সেখানে বসবাস করলে অতিরিক্ত কর প্রযোজ্য হবে না। নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুলের সমর্থন পাওয়া এ কর প্রথম মেয়র মামদানির ২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়। সিটির বাজেট ঘাটতি পূরণে এ খাত থেকে বছরে আনুমানিক ৫০ কোটি ডলার রাজস্ব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ৪ নভেম্বরের বুধবারের রায়ে কর পরিকল্পনার সাংবিধানিক বৈধতা চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। করটি বাতিলের দাবিতে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, সম্পত্তি কর থেকে বছরে কত রাজস্ব আদায় করা যাবে, সে বিষয়ে স্টেটের সংবিধানে যে সীমা রয়েছে, নতুন কর তা লঙ্ঘন করছে। পাশাপাশি, এ করের আওতায় মূলত স্টেটের বাইরে বসবাসকারী সম্পত্তির মালিকেরা পড়ায় এটি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী বৈষম্যমূলক বলেও দাবি করা হয়েছে।

প্রথম মামলায় সম্পত্তির মালিকদের আইনজীবী র‌্যান্ডি মাস্ট্রো করটির মূল বৈধতা নিয়ে সরাসরি আপত্তি তোলেননি। তাঁর অভিযোগ ছিল, কর বাস্তবায়নের ক্ষেত্রে নগর প্রশাসন ভুলভাবে কিছু বাড়িকে অতিরিক্ত করের সম্ভাব্য আওতাভুক্ত হিসেবে চিহ্নিত করেছে, যদিও সেগুলো সংশ্লিষ্ট মালিকদের প্রধান আবাসস্থল।

৪ নভেম্বর বুধবারের রায়ের পর মাস্ট্রো বলেন, নগর প্রশাসনের তথ্য সংগ্রহের পদ্ধতির কারণে যাঁদের অতিরিক্ত কর দেওয়ার কথা নয়, এমন হাজারো বাড়ির মালিককেও নিজেদের বাড়িতে বসবাসের প্রমাণ দিতে বাধ্য করা হচ্ছে। তাঁর ভাষায়, এ ধরনের উদ্যোগ অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, করটির সাংবিধানিক বৈধতা নিয়ে আগামী মাসে যে শুনানি হওয়ার কথা, সেখানেই এর চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে।