৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

আমরা ‘বেশি কঠোর’ ছিলাম – মধ্যবর্তী নির্বাচনে হারের অন্যতম কারণ অভিবাসন নীতি স্বীকার করলেন ট্রাম্প

আমরা ‘বেশি কঠোর’ ছিলাম – মধ্যবর্তী নির্বাচনে হারের অন্যতম কারণ অভিবাসন নীতি স্বীকার করলেন ট্রাম্প

সম্প্রতি সমাপ্ত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির শোচনীয় বিপর্যয়ের পর নিজের অন্যতম প্রধান রাজনৈতিক নীতি থেকে একধাপ পিছিয়ে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন যে তার প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান ‘বেশি কঠোর’ ছিল।

রোববার ৮ নভেম্বর সন্ধ্যায় প্রচারিত সিবিএস নিউজের জনপ্রিয় ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অবৈধ সীমান্ত পারাপার নাটকীয়ভাবে বন্ধ করার জন্য তিনি নিজেকে ‘এ প্লাস’ পাওয়ার যোগ্য মনে করেন; তবে গণহারে অভিবাসী বিতাড়নের কারণে তিনি রাজনৈতিকভাবে ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।

তবে প্রেসিডেন্টের এই স্বীকারোক্তির বিপরীতে তার স্বরাষ্ট্র দপ্তর (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) এখনো দাবি করে যাচ্ছে যে তারা এই কঠোর অভিযান থেকে একচুলও পিছিয়ে আসছে না।

মধ্যবর্তী নির্বাচনের দিনের বুথফেরত জরিপে দেখা গেছে, অর্থনীতি এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের পর ভোটারদের জন্য তৃতীয় প্রধান গুরুত্বপূর্ণ ইস্যু ছিল অভিবাসন। এমনকি টেক্সাসের মতো ঐতিহাসিকভাবে কট্টর রক্ষণশীল স্টেটেও ল্যাটিনো ভোটাররা ডেমোক্র্যাটদের পক্ষে ঝুঁকে পড়ায় কংগ্রেসে দলটির ঐতিহাসিক ভূমিধস বিজয় নিশ্চিত হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প সিক্সটি মিনিটসকে বলেন, মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যুটি রিপাবলিকানদের ‘একই সাথে সাহায্য করেছে আবার ক্ষতিও করেছে।’ তিনি বলেন, ‘সীমান্ত পুরোপুরি বন্ধ করার জন্য আমি মনে করি আমি এ প্লাস পাওয়ার যোগ্য।’ তিনি আরও যোগ করেন, ‘খারাপ লোকদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে আমি অত্যন্ত উচ্চ নম্বর পাব।’

প্রেসিডেন্ট ট্রাম্প অকপটে স্বীকার করে বলেন, ‘কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ আমরা এমন বহু মানুষকেও ধরেছি যাদের ভালো চাকরি ছিল এবং তাদের একমাত্র অপরাধ বা আইন ভঙ্গ করার বিষয় ছিল যে তারা অবৈধভাবে দেশে এসেছিল। আমি মনে করি এটি বেশি কঠোর হয়ে গিয়েছিল।’ কংগ্রেসে বিজয়ী হওয়া ডেমোক্র্যাটদের সঙ্গে বসে ‘অভিবাসন নিয়ে কিছু করার’ আগ্রহও প্রকাশ করেন ট্রাম্প; যদিও এ বিষয়ে কোনো বিস্তারিত রূপরেখা দেননি তিনি।

অথচ ঠিক এক বছর আগে একই অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দম্ভভরে বলেছিলেন যে তার প্রশাসনের অভিবাসন অভিযান ‘যথেষ্ট দূর পর্যন্ত এগোতে পারেনি।’ ৮ নভেম্বর রোববার দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের এই সুর নরম করা বক্তব্যটি মূলত হোয়াইট হাউস ও ডিএইচএস-এর অফিশিয়াল অবস্থানের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করেছে।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের এক নারী মুখপাত্র বলেছিলেন, ‘যেসব অপরাধী অবৈধ অনুপ্রবেশকারী আমাদের সমাজে ত্রাস সৃষ্টি করছে, তাদের গ্রেপ্তার ও বিতাড়নের তৎপরতা বিন্দুমাত্র কমাবে না প্রশাসন।’

একই সুরে ডিএইচএসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কোনোভাবেই পিছু হটছে না বা তাদের গতি কমাচ্ছে না।’ তবে মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাদের অভিবাসন কৌশল পর্যালোচনার পক্ষে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফল নিয়ে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স লেখেন, ‘আমি আইন প্রয়োগ পদ্ধতির পরিবর্তনের বিষয়ে ইতিবাচক—যেমন যারা অবৈধ শ্রমিক নিয়োগ করে সেই সব ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বেশি নজর দেওয়া যেতে পারে।’

তবে এই বক্তব্যের মধ্যেও গত ৬ নভেম্বর শুক্রবার অভিবাসনবিরোধী কট্টরপন্থি হিসেবে পরিচিত দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে পদোন্নতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প; যা প্রশাসনের ভেতর এখনো কোনো বড় ছাড় না দেওয়ার ইঙ্গিতই বহন করে।

স্টিফেন মিলারকে ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদের কট্টর অভিবাসন নীতির মূল রূপকার হিসেবে দেখা হয়। ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস-এর সূত্রগুলো সিবিএস নিউজকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মকর্তাদের দৈনিক প্রায় ২ হাজার ৭০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা পূরণ করতে বলা হয়েছিল; যা আগের দৈনিক ২ হাজার জনের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।

চলতি বছর যুক্তরাষ্ট্র জুড়ে চলা অভিবাসনবিরোধী এসব সাঁড়াশি অভিযানের বিরুদ্ধে শিকাগো, মিনিয়াপোলিস এবং লস অ্যাঞ্জেলেসের মতো বড় বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়। মিনিয়াপোলিসে অভিবাসন এজেন্টদের গুলিতে রেনি গুড এবং অ্যালেক্স প্রেত্তি নামের দুই মার্কিন বিক্ষোভকারী নিহত হয়েছিলেন। – বিবিসি