৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্ক

বাফেলোতে কর্মস্থল থেকে বিএনপি নেতা আজহারুলকে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)

বাফেলোতে কর্মস্থল থেকে বিএনপি নেতা আজহারুলকে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)

নিউইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল মাকসুদকে নিউ ইয়র্ক স্টেটের বাফেলোতে তাঁর কর্মস্থল থেকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। গত শুক্রবার (৬ নভেম্বর) তাঁকে আটক করা হয় বলে জানা গেছে। তাঁর মুক্তির জন্য ইতিমধ্যে একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন আজহারুলের স্ত্রী। সোমবার (৯ নভেম্বর) তাঁর পক্ষে জামিনের আবেদন করার কথা রয়েছে।

আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিন। তিনি বলেন, আজহারুল কয়েক বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাফেলোতে বসবাস করছেন। তাঁর দাবি, অভিবাসনসংক্রান্ত বিষয় ছাড়া আজহারুলের বিরুদ্ধে অন্য কোনো অপরাধের অভিযোগ নেই।

জসিমউদ্দিন আরও জানান, আজহারুলের মুক্তির জন্য তাঁরা চেষ্টা চালাচ্ছেন। অভিবাসনসংক্রান্ত কোনো জটিলতায় পড়লে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ আইনজীবীর পরামর্শ অনুসরণের আহ্বান জানান। আজহারুলকে আটকের সুনির্দিষ্ট কারণ বা তাঁকে কোথায় রাখা হয়েছে, তা এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত জানা যায়নি ।