২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল জানালেন হান্টার বাইডেন

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে হামাসকে হামলার সুযোগ করে দিয়েছিল ইসরায়েল জানালেন হান্টার বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন দাবি করেছেন, ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল ইসরায়েল। কিন্তু গাজায় নিজস্ব সামরিক এজেন্ডা বাস্তবায়নের পথ সুগম করতে তারা ইচ্ছাকৃতভাবে এই হামলা হতে দিয়েছে।

লন্ডনের ‘এলবিসি’ (LBC) রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামাসের আক্রমণের পরিকল্পনা সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা প্রতিরোধে কোনো পদক্ষেপ নেননি। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎস-এর একটি প্রতিবেদনের সূত্র ধরে তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতা ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে গাজায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছিলেন।

তবে এই প্রতিবেদন সম্পূর্ণ অস্বীকার করেছেন নেতানিয়াহু এবং ওই পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। হান্টার বাইডেনের মতে, “ইসরায়েল জানত কী হতে যাচ্ছে। তারা হামলাটি হতে দিয়েছে যাতে এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করা যায়, যার অনুমতি অন্য সাধারণ পরিস্থিতিতে কেউ কখনোই দিত না।”

একই সাথে হামাসকে ‘ভয়াবহ’ সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের চালানো যুদ্ধকে সংজ্ঞায়িত করা বেশ কঠিন হলেও তা ‘গণহত্যার শামিল’ (akin to genocide)।

ইসরায়েল শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, বেসামরিক প্রাণহানি কমাতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং হামাসই সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে আবাসিক এলাকা, হাসপাতাল ও মসজিদ থেকে যুদ্ধ পরিচালনা করছে।