যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাড়ম্বরে সম্পন্ন হয়েছে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নগরী লস অ্যাঞ্জেলেস অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা কনভেনশনের হোস্ট ও কনভেনর কমিটির ‘মিট অ্যান্ড গ্রীট’ ও মতবিনিময় সভা। গত শনিবার (২৭ জুন) গ্রেটার ওয়াশিংটন ডিসি এলাকার ভার্জিনিয়ার স্প্রিংহিলের ডেরা রেস্তোরাঁয় এই গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ফোবানা সদস্য, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে আসন্ন এই কনভেনশন সফল করতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

ফোবানার নির্বাহী সচিব অ্যান্থনি গোমেজ পিউসের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪০তম ফোবানার কনভেনর ড. জয়নাল আবেদীন। তিনি ওয়াশিংটন ও ভার্জিনিয়াবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ফোবানার ইতিহাসে ওয়াশিংটন সবচেয়ে সমৃদ্ধ একটি শহর। আমরা আশা করছি, বিগত বছরগুলোর মতো এবারও সবার আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোবানা চেয়ারম্যান রবিউল করিম বেলাল। তিনি বলেন, লস অ্যাঞ্জেলেস কনভেনশনকে ঘিরে ওয়াশিংটনের প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ততা সত্যিই দৃষ্টান্তমূলক। ফোবানা একটি ঐতিহ্যবাহী সংগঠন, একে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন এবং নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এম রহমান জহির বলেন, ড. জয়নাল আবেদীন ফোবানার একজন প্রবীণ ও দক্ষ সংগঠক। তার নেতৃত্বে লস অ্যাঞ্জেলেস ফোবানা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সান দিয়েগোসহ সব শহরের প্রবাসীদের কনভেনশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক নির্বাহী সচিব আবীর আলমগীর, সাবেক কোষাধ্যক্ষ ড. প্রিয়লাল কর্মকার, ফ্লোরিডার ওরল্যান্ডোর সদস্য বাবুল হাই এবং ফান্ড রাইজিং চেয়ারম্যান কাজী নাহিদ। তারা জানান, দূরত্বের কথা বিবেচনা করে হোস্ট কমিটি এবার ‘সিলভার প্যাকেজে’ বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা ফোবানার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ ৪০তম ফোবানা কনভেনশনের সাফল্য কামনা করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্পৃক্ত থাকার ঘোষণা দেন। ফোবানার অন্যতম স্পন্সর মাজহারুল হক অনুষ্ঠানমঞ্চে হোস্ট কমিটির কাছে একটি বড় অঙ্কের অনুদান হস্তান্তর করেন।
এছাড়া “বাগডিসি”র পক্ষ থেকে নুরুল আমিন লস অ্যাঞ্জেলেস যাওয়ার ঘোষণা দেন এবং সংগঠনের পক্ষে ১৭টি সিলভার প্যাকেজ নিশ্চিত করেন। সব মিলিয়ে ওয়াশিংটনের এই মিট অ্যান্ড গ্রীট অনুষ্ঠান থেকেই সর্বমোট ৫০ হাজার ডলার অনুদানের ঘোষণা আসে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ৩৮তম ফোবানার মেম্বার সেক্রেটারি শিল্পী আবু রুমি, বাইটপো সভাপতি লেখক শামসুদ্দিন মাহমুদ, বাগডিসি-র সাবেক সভাপতি করিম সালাউদ্দিন, বাইয়ের সভাপতি দিলশাদ চৌধুরী, শোয়েব চৌধুরী, রেদোয়ান চৌধুরী, মাহমুদ মেনন, কচি খান, এ টি এম আলম, কাজল, প্রদীপ ঘোষ ও জাহিদ খান প্রমুখ।
শনিবার রাতে ফোবানার প্রতিনিধি দল স্থানীয় কমিউনিটির একটি ওপেন এয়ার কনসার্টে যোগ দেন। জনপ্রিয় শিল্পী পথিক হাসান ও মোজার এই কনসার্টে ফোবানা চেয়ারম্যান ও কনভেনর মঞ্চে গিয়ে ওয়াশিংটনবাসীকে লস অ্যাঞ্জেলেস ফোবানার আনুষ্ঠানিক দাওয়াত দেন। এরপর প্রতিনিধি দল শিল্পী আবু রুমির বাসভবনে নৈশভোজ ও এক ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

পরদিন ২৮ জুন রোববার সকালে ফোবানার সাবেক ট্রেজারার ড. প্রিয়লাল কর্মকারের বাসভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে লস অ্যাঞ্জেলেস ফোবানা সফল করার কৌশলগত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সভায় ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ ৪০ তম ফোবানা কনভেনশনের “ডায়মন্ড স্পন্সর’ হওয়ার ঘোষণা দিলে উপস্থিত সবাই তাকে ধন্যবাদ জানান।
দুই দিনব্যাপী এই সফল গণসংযোগ ও মতবিনিময় শেষে ফোবানার হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল এবং কনভেনর ড. জয়নাল আবেদীন ওয়াশিংটন ও ভার্জিনিয়ার সর্বস্তরের প্রবাসী, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। -জুয়েল সাদত প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি অনুসারে














