যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও বিশিষ্ট চিকিৎসক ডা. এবিএম আতীকুজ্জামান সম্প্রতি তাঁর ফেসবুক পোস্টে দুই বাংলাদেশি তরুণ চিকিৎসক রাইসা ও জান্নাতের প্রশংসা করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। ডা. আতীকুজ্জামান জানান, রাইসা ও জান্নাত সম্প্রতি তাঁর কর্মস্থলে ক্লিনিক্যাল রোটেশনে অংশ নিয়েছিলেন। এ সময় তাদের কর্মনিষ্ঠা, চিকিৎসা জ্ঞান অর্জনের আগ্রহ এবং মানুষের জন্য কাজ করার আন্তরিক মানসিকতা তাঁকে মুগ্ধ করেছে।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, রাইসা সম্প্রতি বাংলাদেশের একটি স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করেছেন। একজন মেধাবী ও লক্ষ্যনিষ্ঠ শিক্ষার্থী হিসেবে তিনি নিজেকে আরও দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। বর্তমানে তিনি Planetary Health Academia-এর সহায়তায় পরিচালিত Road to Residency প্রোগ্রামের সঙ্গে যুক্ত অন্যদিকে জান্নাত চিকিৎসাশাস্ত্রে স্নাতক সম্পন্ন করার পর জনস্বাস্থ্য ও বৈশ্বিক স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন। বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় কাজ করে তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়নে অবদান রেখেছেন। এছাড়া আন্তর্জাতিক পর্যায়েও জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত থেকে প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে প্রাইমারি কেয়ার চিকিৎসক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন।
ডা. আতীকুজ্জামান তাঁর ফেসবুক পোস্টে আরও বলেন, রাইসা ও জান্নাতের মধ্যে নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ এবং সমাজের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় রয়েছে। তিনি বিশ্বাস করেন, তারা শুধু নিজেদের পেশাগত জীবনেই সফল হবেন না, বরং ভবিষ্যতে আরও অনেক তরুণ চিকিৎসকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন। প্রবাসে চিকিৎসা পেশায় প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলা এই দুই বাংলাদেশি তরুণীর অর্জন ও সম্ভাবনা ইতোমধ্যেই কমিউনিটির অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। ডা. আতীকুজ্জামানের মতো একজন অভিজ্ঞ চিকিৎসকের এমন প্রশংসা তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।














