৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের গভীর শোক প্রকাশ

বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের গভীর শোক প্রকাশ

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিংবদন্তীতূল্য তোফায়েল আহমেদ এক অনন্য উচ্চতায় আসীন। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তাঁর বীরত্বপূর্ণ নেতৃত্ব একটি প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠতে উদ্বুদ্ধ করেছিল এবং আমাদের স্বাধীনতার পথকে সুগম করেছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি একজন অন্যতম সংগঠক হিসেবে অসামান্য ভূমিকা পালন করেন। প্রতিকূলতার মুখে অবিচল থেকে তিনি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য আজীবন সংগ্রাম করেছেন।

বঙ্গবন্ধুর আদর্শ, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং ন্যায়বিচারের প্রতি তাঁর অটল অঙ্গীকার তাঁকে শুধু একজন রাজনীতিবিদ নয়, মুক্তিযুদ্ধের চেতনায় এক অবিচল প্রহরী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পথপ্রদর্শক হয়ে থাকবে।

জাতীয় জীবনের এই সংকটময় সময়ে, যখন স্বাধীনতাবিরোধী শক্তি পুনরায় প্রভাব বিস্তার করছে, তখন তাঁর প্রয়াণ আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হবে, তবে তাঁর আদর্শ ও সংগ্রাম আমাদের অনুপ্রেরণা জোগাতে থাকবে।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং তার সকল অঙ্গরাজ্যের সদস্যবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে