২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি
২৫টির বেশি স্টলে থাকবে ৫ হাজারের বেশি নতুন বই

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২-২৫ মে : সকল প্রস্তুতি সম্পন্ন

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২-২৫ মে : সকল প্রস্তুতি সম্পন্ন

‘যত বই তত প্রাণ’ শ্লোগানে বিগত বছরগুলোর মতো এবছরও নিউইয়র্কে আয়োজিত হচ্ছে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। আগামী ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্থাৎ চারদিনব্যাপী অনুষ্ঠিতব্য এবারের বইমেলা হচ্ছে ৩৫তম বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে সিটির কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে। মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে বাংলা ভাষা ও সাহিত্যের বৃহত্তম মিলনমেলা এবারের বইমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ রেহমান সোবহান। এছাড়াও আমন্ত্রিত অতিথি থাকবেন অধ্যাপক ড. রওনক জাহান, গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, আমেরিকান কবি বব কোলম্যান, ভারতীয় কবি সুবোধ সরকার, বাংলাদেশের লেখক ফারুক মঈনউদ্দীন, সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী, বিজ্ঞানী ও লেখক দীপেন ভট্টাচার্য এবং জনপ্রিয় সাহিত্যিক সাদাত হোসাইন। ইতিমধ্যেই অনেক অতিথি নিউইয়র্কে এসে পৌছেছেন। মেলার ২৫টির বেশি স্টলে থাকবে ৫,০০০ এর বেশী নতুন বই। বইমেলা কমিটির পক্ষ থেকে গত ১০ মে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৩৫তম বইমেলার আহবায়ক বিশিষ্ট অর্থনীতিবীদ ড. নজরুল ইসলাম, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. জিয়াউদ্দিন আহমেদ, সিইও বিশ্বজিত সাহা, উপদেষ্টা গোলাম ফারুক ভূইয়া, আহবায়ক কমিটির সদস্য ড. ওবায়দুল্লাহ মামুন ও রাব্বানী ভুঁইয়া। সংবাদ সম্মেলনে প্রবাসী কয়েকজন লেখকও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, তিন দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুধু একটি বইয়ের বাজার নয়, এটি বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং বাঙালীর আত্মপরিচয়ের এক অনন্য উৎসবে পরিণত হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি পৌঁছে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের মেলায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের ২৫টির বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার স্টলে থাকছে ৫,০০০ এর বেশী নতুন বই। মেলায় বাংলাদেশ, কানাডা আর ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রথিতযশা লেখক, প্রকাশক ও সংস্কৃতি-অনুরাগী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। মেলার উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, একাধিক সেমিনার ও সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, বিতর্ক, সঙ্গীতানুষ্ঠান এবং নানা সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে থাকবে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও বাংলা লিখন প্রতিযোগিতা। ২২ মে শুক্রবার বিকাল ৬টা থেকে রাত ১১টা এবং ২৩-২৫ মে, শনি রবি ও সোমবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।

নিউইয়র্কে প্রায় একই সময়ে একাধিক বাংলা বইমেলা আয়োজন সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে আয়োজকরা জানান, নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা এখন সর্বজনীন আর স্বীকৃত বইমেলায় পরিণত হয়েছে। আর কেবল কোনো নাম ব্যবহার করে অনুষ্ঠান করলেই সেটি বইমেলা হয়ে যায় না। একটি বইমেলায় কয়টি বইয়ের স্টল স্থান পায় সেটিও দেখার বিষয়। বইমেলার একটি ঐতিহ্য, ব্যাপ্তি এবং দায়বদ্ধতা রয়েছে। নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫ বছরের এই অগ্রযাত্রায় প্রবাসী বাংলা গণমাধ্যম সহ সবার অবদান রয়েছে। মিডিয়ার সহযোগিতার কারণেই বইমেলাটি আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে।

অপর এক প্রশ্নের উত্তরে আয়োজকরা জানান, বিগত বছরগুলো ধরে বইমেলার ব্যয় লসেই (মাইনাস) থাকছে। তারপরও অনেকের সহযোগিতায় আমরা মেলা সফল করতে পারছি।

আয়োজকরা জানান, বইমেলা উপলক্ষে প্রকাশিত হবে একটি তথ্যবহুল স্মারকগ্রন্থ, যেখানে থাকবে বাংলা সাহিত্য-সংস্কৃতি এবং প্রবাসী বাঙালীর নানা অর্জনের দলিল। মেলাটি সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা। খবর ইউএনএ-র