১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

‘২০২৬ এশিয়ান ট্রেইলব্লেজার্স’ তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ নেতা কাজী জেমি

‘২০২৬ এশিয়ান ট্রেইলব্লেজার্স’ তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ নেতা কাজী জেমি

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ নেতা কাজী জেমিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক ও নীতিনির্ধারণী সংবাদমাধ্যম ‘সিটি অ্যান্ড স্টেট নিউইয়র্ক’ তাদের মর্যাদাপূর্ণ ‘২০২৬ এশিয়ান ট্রেইলব্লেজার্স’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির জন্য এ যেন এক গর্ব ও অনুপ্রেরণার মুহূর্ত।

নিউইয়র্ক স্টেটে এশিয়ান আমেরিকান কমিউনিটির সবচেয়ে প্রভাবশালী, প্রতিশ্রুতিশীল এবং পরিবর্তনের অগ্রদূত নেতাদের এই তালিকায় স্থান পাওয়াকে অত্যন্ত সম্মানজনক অর্জন হিসেবে দেখা হয়।

বর্তমানে কাজী জেমি নিউইয়র্কের অন্যতম শক্তিশালী শ্রমিক ইউনিয়ন ‘৩২বিজে এসইআইইউ’-এর স্টেট অ্যান্ড ফেডারেল পলিটিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। অল্প বয়সেই তিনি নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। এর আগে তিনি নিউইয়র্ক সিটি কাউন্সিলের সাবেক স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামসের লেজিসলেটিভ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। এছাড়া নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ডেভিড ওয়েপরিন ও ক্যাটালিনা ক্রুজের লেজিসলেটিভ ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন।

‘সিটি অ্যান্ড স্টেট নিউইয়র্ক’ তাদের প্রতিবেদনে কাজী জেমির সামাজিক ও রাজনৈতিক অবদানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছে। শ্রমিক অধিকার রক্ষা, অভিবাসী পরিবারগুলোর সুরক্ষা এবং সামাজিক ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তার সক্রিয় ভূমিকার প্রশংসা করা হয়েছে। বিশেষ করে ‘ওয়েজ থেফট অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট’ এবং ‘ক্লিন স্লেট অ্যাক্ট’ এগিয়ে নিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কমিউনিটি বিশ্লেষকদের মতে, কাজী জেমির এই অর্জন শুধু একজন ব্যক্তির সাফল্য নয়; এটি পুরো প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য এক ইতিবাচক বার্তা। একসময় যেসব বাংলাদেশি পরিবার নিউইয়র্কে কঠোর পরিশ্রম করে নিজেদের অবস্থান তৈরি করেছিল, আজ তাদের নতুন প্রজন্ম আমেরিকার মূলধারার রাজনীতি ও নীতিনির্ধারণী পর্যায়ে শক্ত অবস্থান গড়ে তুলছে। এটি প্রমাণ করে, বাংলাদেশি তরুণরা এখন আর শুধু ব্যবসা বা চাকরির মধ্যেই সীমাবদ্ধ নেই; তারা আমেরিকার ক্ষমতার করিডোরেও নিজেদের জায়গা তৈরি করছে।

কাজী জেমির এই স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশি আমেরিকান তরুণদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন কমিউনিটি নেতারা। তারা বলছেন, মেধা, পরিশ্রম ও সঠিক নেতৃত্ব থাকলে বাংলাদেশিরাও আমেরিকার সর্বোচ্চ পর্যায়ে নিজেদের পরিচয় তুলে ধরতে সক্ষম।

জেমির বাবা কাজী হেলাল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের এই সাফল্যের খবর শেয়ার করে গভীর আবেগ ও গর্ব প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, নিউইয়র্কের এশিয়ান আমেরিকান কমিউনিটির ‘টপ ৫০ পাওয়ারফুল লিডার্স’-এর তালিকায় কাজী জেমির অন্তর্ভুক্তি শুধু তাদের পরিবারের নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য সম্মানের বিষয়।