১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (ASAAL) লুইজিয়ানা বনাম ক্যালাইস মামলায় সুপ্রিম কোর্টের রায়ের নিন্দা জানায়, ভোটাধিকার ও সংখ্যালঘু প্রতিনিধিত্বের জরুরি সুরক্ষার আহ্বান

অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (ASAAL) লুইজিয়ানা বনাম ক্যালাইস মামলায় সুপ্রিম কোর্টের রায়ের নিন্দা জানায়, ভোটাধিকার ও সংখ্যালঘু প্রতিনিধিত্বের জরুরি সুরক্ষার আহ্বান Screenshot

অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (ASAAL) সম্প্রতি লুইজিয়ানা বনাম ক্যালাইস মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র হতাশা প্রকাশ করছে। এই রায় ন্যায্য প্রতিনিধিত্বের মৌলিক নীতিকে দুর্বল করে এবং যুক্তরাষ্ট্রে বহু দশকের সংগ্রামের মাধ্যমে অর্জিত ভোটাধিকার সুরক্ষাকে ক্ষয় করার হুমকি সৃষ্টি করে।

১৯৬৫ সালের ভোটাধিকার আইন সুস্পষ্ট আইনগত উদ্দেশ্য নিয়ে প্রণীত হয়েছিল: ভোট প্রদানে বর্ণভিত্তিক বৈষম্য দূর করা এবং সংখ্যালঘু সম্প্রদায়—বিশেষত কৃষ্ণাঙ্গ আমেরিকান ও অন্যান্য ঐতিহাসিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী—যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমানভাবে অংশ নিতে পারে এবং নিজেদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে তা নিশ্চিত করা। এই ঐতিহাসিক আইনটি শুধুমাত্র প্রতীকী ছিল না; এটি ছিল প্রাতিষ্ঠানিক বৈষম্য সংশোধনের একটি কাঠামোগত পদক্ষেপ। আজকের এই রায় সেই উদ্দেশ্য থেকে একটি উদ্বেগজনক বিচ্যুতি নির্দেশ করে।

ASAAL জোর দিয়ে বলছে, ভোটাধিকার সুরক্ষা দুর্বল করার যেকোনো প্রচেষ্টা চলমান আইনগত উদ্যোগ—যেমন জন লুইস ভোটাধিকার অগ্রগতি আইন—এর সরাসরি বিরোধিতা করে। এই আইন বৈষম্যমূলক ভোটিং প্রক্রিয়ার বিরুদ্ধে ফেডারেল সুরক্ষা পুনঃপ্রতিষ্ঠা ও আধুনিকায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। এমন এক সময়ে যখন এই সুরক্ষা শক্তিশালী হওয়া উচিত, আদালতের এই সিদ্ধান্ত তার ক্ষয়কে আরও ত্বরান্বিত করার ঝুঁকি তৈরি করছে।

এর পরিণতি কেবল তাত্ত্বিক নয়। “প্যাকিং” এবং “ক্র্যাকিং”—যেখানে সংখ্যালঘু ভোটারদের অল্প কিছু জেলায় কেন্দ্রীভূত করা হয় অথবা বহু জেলায় ছড়িয়ে দিয়ে তাদের প্রভাব কমিয়ে দেওয়া হয়—এ ধরনের প্রক্রিয়া এখনো নির্বাচনী ফলাফল বিকৃত করছে। এসব কৌশল রাজনৈতিক শক্তিগুলোকে জেলা সীমানা এমনভাবে নির্ধারণ করতে সক্ষম করে, যা জনগণের ইচ্ছার প্রতিফলন না হয়ে বরং পূর্বনির্ধারিত নির্বাচনী ফলাফল তৈরি করে।

এই রায় এমন একটি ব্যবস্থাকে আরও প্রাতিষ্ঠানিক করে যেখানে ভোটারদের নিজেদের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে। এর পরিবর্তে রাজনৈতিক কৌশলবিদ ও দলীয় স্বার্থ নির্ধারণ করছে কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এবং শেষ পর্যন্ত কে জনপদে নির্বাচিত হবে। গণতন্ত্রের এই উল্টো চিত্র জনআস্থা ক্ষুণ্ন করে এবং শাসনব্যবস্থার বৈধতাকে দুর্বল করে।

ASAAL অবিলম্বে এবং ধারাবাহিক পদক্ষেপের আহ্বান জানাচ্ছে : সংগঠন ও ক্ষমতায়ন- দক্ষিণ এশীয় আমেরিকানসহ সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের রাজনৈতিক কণ্ঠস্বর ও নাগরিক অংশগ্রহণ রক্ষায় তৃণমূল পর্যায়ে সংগঠন জোরদার করতে হবে। রিডিস্ট্রিক্টিং প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ- স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাজ্য ও স্থানীয় পর্যায়ে সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় সম্প্রদায়ের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জোট গঠন- বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংহতি গড়ে তোলা অত্যাবশ্যক, যাতে সম্মিলিত রাজনৈতিক শক্তিকে দুর্বল করে এমন নীতি ও রায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়। আইনগত উদ্যোগে সমর্থন- ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জন লুইস ভোটাধিকার অগ্রগতি আইনসহ ফেডারেল সুরক্ষা আইন দ্রুত পাসের জন্য নতুন করে জোরালো প্রচেষ্টা প্রয়োজন।

ASAAL সকল সম্প্রদায়ের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন একটি ব্যবস্থার পক্ষে সোচ্চার থাকবে যেখানে প্রতিনিধিত্ব জনগণের দ্বারা নির্ধারিত হবে—কাঠামোগত বৈষম্যের মাধ্যমে প্রভাবিত নয়।

মিডিয়া যোগাযোগ : মোহাম্মদ করিম চৌধুরী — জাতীয় সভাপতি, হারজিৎ সিং মিনহাস — জাতীয় সম্পাদক, মাফ. মিসবাহ উদ্দিন — প্রতিষ্ঠাতা, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (ASAAL)। ইমেইল: asaal08@gmail.com