উত্তর আমেরিকার বৃহত্তম বাংলাদেশি সম্মেলন ফোবানার (FOBANA) ৪০তম আসরকে সামনে রেখে লস এঞ্জেলসে ‘কিক-অফ গালা’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারের ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া।
গত ২৮ মার্চ (শনিবার) বিকেল ৪টায় ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলের মিলনায়তনে এই কিক-অফ গালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফোবানা নির্বাহী পরিষদের কর্মকর্তা, ফোবানার সদস্যবৃন্দ, স্থানীয় হোস্ট কমিটির নেতৃবৃন্দসহ উত্তর আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আগত ফোবানার শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

ফোবানা সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে কিক-অফ গালা একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ অনুষ্ঠানে উত্তর আমেরিকার ফোবানা ডেলিগেটদের জন্য মূল ভেন্যু প্রদর্শন, স্পন্সরদের পরিচিতি এবং আয়োজক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। মূল অনুষ্ঠানের আগে দুপুরে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত অতিথিরা ৪০তম ফোবানার মূল ভেন্যু পরিদর্শন করেন।
এবারের সম্মেলনের কনভেনর ড. জয়নাল আবেদীন। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে ফোবানার সঙ্গে সম্পৃক্ত এবং একজন দীর্ঘদিনের ফোবানা সদস্য।
তিন পর্বে অনুষ্ঠিত কিক-অফ গালার প্রথম পর্বে ছিল ভেন্যু পরিদর্শন, দ্বিতীয় পর্বে গেট-টুগেদার এবং তৃতীয় পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি মোহাম্মদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লস এঞ্জেলসে বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ জাবেদ ইকবাল। তিনি বলেন, “উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির একটি বড় অর্জন ফোবানা। ৩৯টি সফল ফোবানা সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা ও ইতিহাস বিশ্ব দরবারে তুলে ধরা হয়েছে। আশা করি ৪০তম লস এনজেলস ফোবানাও আরেকটি মাইলফলক হয়ে উঠবে।”
৪০তম ফোবানা সম্মেলনের কনভেনর ড. জয়নাল আবেদীন বলেন, “আমাদের প্রস্তুতি চলমান। ৮৮ সদস্যবিশিষ্ট আয়োজক কমিটির প্রতিটি সদস্য ৪০কম লস এঞ্জেলস ফোবানাকে সফল করতে কাজ করছেন। আগামী পাঁচ মাস আমাদের মূল লক্ষ্য থাকবে সম্মেলনকে সফল করা।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল, এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ আহমদ রউফ এবং নির্বাহী সংসদের কোষাধ্যক্ষ মাহিন উদ্দিন দুলাল।
ফোবানার সাবেক চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী বলেন, “লস এঞ্জেলস আমেরিকার অন্যতম দর্শনীয় শহর। ৪০তম ফোবানায় অংশগ্রহণকারীরা ফোবানার পাশাপাশি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন।”
ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল বলেন, “উত্তর আমেরিকায় বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম ফোবানা। বিভিন্ন শহরে আয়োজিত এই সম্মেলন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন সাজিয়া হক ও মিঠুন চৌধুরী। কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাজিয়া হক বলেন, “আমরা একটি পরিচ্ছন্ন ও সুন্দর ফোবানা উপহার দিতে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান লস্কর আল মামুন, সাবেক ফোবানা চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ প্রিয়লাল কর্মকার, ডালাস ফোবানার কনভেনর হাসমত মোবিন ও মেম্বার সেক্রেটারি শামসুদ্দোহা সাগর, আটলান্টা ফোবানার মেম্বার সেক্রেটারি মাহবুবুর রহমান ভূঁইয়া, আটলান্টার কমিউনিটি লিডার কাজী নাহিদ, প্রথম সচিব আরিফা আফরিন, আয়োজক কমিটির প্রেসিডেন্ট মোয়াজ্জেম এইচ চৌধুরীসহ কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কনভেনর ড. জয়নাল আবেদীন ৮৮ সদস্যবিশিষ্ট লস এঞ্জেলস ফোবানার আয়োজক কমিটির তথ্য তুলে ধরেন। শেষে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিক-অফ গালার সমাপ্তি ঘটে । – জুয়েল সাদত প্রেরিত














