৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের বিরুদ্ধে অভিযানে ৩ মার্কিন সেনা নিহত, গুরুতর আহত ৫

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ‘অস্থির’। নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

ইরানের বিরুদ্ধে পরিচালিত এক সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের তিন জন সেনা সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

রোববার (১ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিযানে আরও বেশ কয়েকজন সেনা সদস্য স্প্লিন্টারের আঘাত এবং মস্তিস্কে আঘাতজনিত কারণে (কনকাশন) সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। বর্তমানে ওই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ অভিযান ও আমাদের পাল্টা ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ‘অস্থির’। নিহত সেনাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। সামরিক নিয়ম অনুযায়ী, নিহতদের নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড এবং পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই সংঘাত এখন সরাসরি যুদ্ধে রূপ নিয়েছে। মার্কিন সেনাদের এই প্রাণহানি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।