১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

দায়িত্ব শেষে এবার কী করবেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের উপদেষ্টারা?

দায়িত্ব শেষে এবার কী করবেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের উপদেষ্টারা?

বাংলাদেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন অন্তর্বর্তী সরকার। দেড় বছর পর শেষ হতে যাচ্ছে অন্তবর্তী সরকারের মেয়াদ। নতুন সরকার শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য রয়েছেন ২১ জন। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে আরও চারজন এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চারজন বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তার আগের পেশায় ফিরে যাবেন। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন তিনি। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দায়িত্ব শেষে আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন। কিছুদিন বিশ্রাম নিয়ে মার্চে তিনি সেখানে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল অধ্যাপনায় ফিরে যাওয়ার অপেক্ষায় আছেন। তিনি বলেন, খুব অপেক্ষায় আছি, কখন আমার সেই প্রিয় জীবনে ফিরে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা নিয়েই থাকতে চান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কিছুদিন বিশ্রাম নিয়ে আগের মতোই লেখালেখিতে মনোযোগ দিতে চান। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের কাজে ফিরবেন।

বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সরকারি গাড়ি ফেরত দিয়ে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন। আসছে রমজানে ইবাদতে সময় দেওয়ার পর আবার লেখালেখি ও বই পড়ায় মনোযোগ দেবেন তিনি।পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব শেষে আবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কাজে ফিরবেন।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ কিছুদিন নিরিবিলি থাকার পর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা লিখবেন। পাশাপাশি ব্রতী ও মানবাধিকার বিষয়ে কাজ করবেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত নারীদের সঙ্গেও কাজ করার ইচ্ছা রয়েছে তার।